অনেক অপেক্ষার পর শুরু হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। ৬.২ ওভার খেলা হতেই আবার শুরু হয় বৃষ্টি। শুরুতে গুঁড়িগুঁড়ি হলেও সময় বাড়ার সঙ্গে বৃষ্টির জোর আরও বেড়েছে। তাই আগেভাগেই দিনের খেলা শেষের ঘোষণা আসার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃষ্টির বাগড়া ও ভেজা আউটফিল্ডে খেলা শুরু করা যাচ্ছিল না। অবশেষে আবহাওয়ার উন্নতি হওয়ায় শুরু হয় বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। অনেক অপেক্ষার পর বেলা ১২টা ৫০ মিনিটে শুরু হয় খেলা। এর মধ্যে দ্বিতীয় দিনের লাঞ্চও সেরে নেয় দুই দল। কিন্তু মাত্র ৬.২ ওভার হতেই আবার বৃষ্টি বাগড়া দিলে বন্ধ হয়ে যায় খেলা।
খালেদ আহমেদকে দিয়ে শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় দিনের বোলিং আক্রমণ। তার প্রথম বলেই বাউন্ডারি হাঁকান বাবর আজম। আগের দিনই পাকিস্তান অধিনায়ক পূরণ করেছেন হাফসেঞ্চুরি। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করেন আজহার আলী।
বৃষ্টির মধ্যেই লাঞ্চ বিরতিতে দ্বিতীয় দিনের খেলা
প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে মুমিনুল হকরা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই সুযোগটাই তো ঠিকঠাক পাচ্ছে না স্বাগতিকরা! প্রথম দিনের এক সেশন শেষ হয়ে গিয়েছিল আলোর স্বল্পতায়। আর দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে খেলাই শুরু হয়নি। দিনের খেলা শুরুর আগেই লাঞ্চ বিরতিতে গেছে দুই দল।
প্রথম দিনের খেলা আগেভাগে শেষ ঘোষণা করতে হয়েছিল। বৃষ্টি ও আলোর স্বল্পতায় দিনের খেলার ইতি টানায় দ্বিতীয় দিনে আধঘণ্টা আগে শুরুর সূচি করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। বৃষ্টি থামলে সকাল ১১টা ২০ মিনিটে শুরুর নতুন সূচি দেওয়া হয়। কিন্তু গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ওই সময়েও খেলা শুরু হয়নি। কাভার ওঠানোর কাজে লেগে পড়েছিলেন মাঠকর্মীরা। কিন্তু আবারও বৃষ্টি ফেরায় কাভার তোলা হয়নি।
এই অবস্থায় সাড়ে ১১টায় লাঞ্চ বিরতিতে গেছে দ্বিতীয় দিনের খেলা। সাড়ে ১১টা থেকে ১২টা ১০ পর্যন্ত লাঞ্চের সময়। অর্থাৎ, খেলা শুরুর আগেই প্রথম সেশন শেষ!
শনিবার শুরু হয়েছে ঢাকা টেস্ট। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৫৭ ওভারে ২ উইকেটে করেছে ১৬১ রান। আজ (রবিবার) দ্বিতীয় দিন শুরু করবেন ৬০ রানে অপরাজিত বাবর আজম ও ৩৬ রানে অপরাজিত থাকা আজহার আলী। প্রথম দিন বাংলাদেশ ৭০ রানে পাকিস্তানের দুই ওপেনারকে ফেরালেও বাধা হয়ে দাঁড়ায় এই জুটি। এরপর বৃষ্টিতে অনেক আগেই দিনের খেলার শেষ ঘোষণা করা হয়।
প্রথম দিনের প্রথম সেশনে বাংলাদেশ ২ উইকেট নিতে পারলেও দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়ে পাকিস্তান। বাবর ও আজহারকে কোনও পরীক্ষায় ফেলতে পারেনি বাংলাদেশ। ৯১ রানের জুটিতে প্রতিরোধ গড়েছেন দুজন। চা পানের বিরতির আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৬১ রান। এরপর আলোর স্বল্পতায় আর খেলাই মাঠে গড়ায়নি।









