বিসিএলে ৯১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন জাকির হাসান। মঙ্গলবার দিনের শুরুতেই পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। শেষ পর্যন্ত খেললেন ১৫৮ রানের ইনিংস। তার এই ইনিংসের ওপর ভর করেই ৪২৯ রান করেছে বিসিবি দক্ষিণাঞ্চল। তাতে ১৬৯ রানের লিডও পেয়েছে তারা। তবে মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দাপট দেখিয়েছে পূর্বাঞ্চল। ৫ উইকেটে ১৯৩ রানে তৃতীয় দিন শেষ করেছে তারা। ২৬ রানে এগিয়ে থেকে চতুর্থ ও শেষ দিন শুরু করবে পূর্বাঞ্চল। দলের হয়ে মিডল অর্ডারে নামা আফিফ হোসেন ৭৩ রান নিয়ে ব্যাটিং করছেন।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এনামুলের ৮৮ ও জাকির হাসানের ১৫৮ রানের ওপর ভর করেই দক্ষিণাঞ্চল ৪২৯ রান সংগ্রহ করে। এদিন জাকির প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরির দেখা পেয়েছেন। ২৭৬ বলে ১৯ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই উইকেটকিপার ব্যাটার। শেষ দিকে নাসুমের ৭৯ বলে ৫৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণাঞ্চল সংগ্রহটা বড় করতে পেরেছে।
পূর্বাঞ্চলের হয়ে নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল ও পেসার এনামুল হক তিনটি করে উইকেট নিয়েছেন।
পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ১৬৯ রানে পিছিয়ে থেকে। শুরুটা ভালোই করে তারা। ৬২ রানের জুটি গড়েন ইমরুল ও আশরাফুল। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙার পর এলোমেলো হয়ে যায় পূর্বাঞ্চলের ব্যাটিং। ৯০ রানে ৪ উইকেট পতনে কোণঠাসা দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন আফিফ হোসেন ও নাদিফ চৌধুরী। পঞ্চম উইকেটে তারা ৫২ রান যোগ করেন। দিনের শেষ ঘণ্টায় নাদিফ ১৭ রানে আউট হলে বাকি সময়টা অবিচ্ছিন্ন থাকেন আফিফ ও ইরফান শুক্কুর। আফিফ ৯৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৩ রানে অপরাজিত আছেন। অন্যদিকে ৫০ বলে ১৮ রান নিয়ে অপরাজিত আছেন ইরফান। আগের ম্যাচে ৬১ রান করা আশরাফুল দ্বিতীয় ইনিংসে খেলেন ২৫ রানের ইনিংস।
প্রথম ইনিংসে ভাগাভাগি করে দশ উইকেট নেওয়া নাসুম-মেহেদী দ্বিতীয় ইনিংসেও ভাগাভাগি করে চারটি উইকেট নিয়েছেন। বাকি একটি উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম।
এর আগে আশরাফুলের ৬১ ও ইমরুল কায়েসের ৪৬ রানের ওপর ভর করে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ২৬০ রান।









