নিউজিল্যান্ড সফরে গিয়ে দলে করোনার থাবাতে অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে স্বস্তি ফিরেছে বাংলাদেশ ক্যাম্পে। ক্রিকেটারদের নতুন করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। যদিও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে আইসোলেশনে থাকতে হবে। নিউজিল্যান্ড থেকে বিষয়টি নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সুজন বলেছেন, ‘এখানে আজ (বৃহস্পতিবার) ভালো খবর আছে। সবাই কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছে। আমাদের এখানে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। গতকাল (বুধবার) আমরা আলোচনা করেছিলাম কীভাবে কী হবে।’
বুধবার জানা গিয়েছিল, বাংলাদেশের স্পিন কোচ হেরাথ কোভিড পজিটিভ হয়েছেন। এছাড়া বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ডে গিয়েছে, সেখানে একজন করোনা পজিটিভ হয়েছেন। ওই যাত্রীর করোনা পজিটিভের খবরে সফরকারী বাংলাদেশের ৯ সদস্যের কোয়ারেন্টিনের মেয়াদ বেড়েছে। এদের মধ্যে অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে রাব্বি ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন।
সুজন বলেছেন, ‘কালকে (শুক্রবার) আমরা কোয়ারেন্টিন সেন্টার থেকে বেরিয়ে টিম হোটেলে আইসোলেশনে চলে যাবো। যারা ইয়োলো ব্যান ছিল তারা এখানে ২০ তারিখ পর্যন্ত থাকবে। আমরা চলে যাওয়ার পর কাল থেকে ওরা জিম ব্যবহার করতে পারবে। ২১ তারিখ তারা সবাই আমাদের সঙ্গে হোটেলে চেক ইন করবে। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টিন সেন্টারে আলাদা রাখা হয়েছে। বাকি সবাই সুস্থ আছে।’
বৃষ্টি মাথায় নিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে গিয়েছিল বাংলাদেশ দল। কোয়ারেন্টিন পর্ব শেষ হওয়ায় নিউজিল্যান্ড স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ দলকে অনুশীলনের সুযোগ দেয়। তবে বেরসিক বৃষ্টির বাগড়াতে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। সুজন বলেছেন, ‘আজ আমরা অনুশীলনেও গিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে মাঠে নামতে পারিনি। আমাদের জিম সেশন হবে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড গিয়েছে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্ট।









