ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ২৪৫ রানের জবাবে প্রথম দিন ৪ রান নিয়ে দিন শেষ করেছিল ওয়ালটন মধ্যাঞ্চল। আজ (সোমবার) দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও জাকের আলী ও তাইবুর রহমানের ব্যাটে সেটা কাটিয়ে উঠতে পেরেছে তারা। দ্বিতীয় দিন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ৯ উইকেটে ২২৩ রান, পূর্বাঞ্চলের চেয়ে পিছিয়ে ২২ রানে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মধ্যাঞ্চল। ৩২ রানে ৫ উইকেট হারানোর পর ফলোঅনের শঙ্কায় পড়ে তারা। সেখান থেকে দেয়াল হয়ে দাঁড়ালেন তাইবুর ও জাকের। তাদের ১৫২ রানের জুটিতে স্বস্তি ফেরে মধ্যাঞ্চলের শিবিরে।
যদিও দুজনের কেউই সেঞ্চুরি পাননি। তাইবুল ১৯৮ বলে ১১ চারে ৭৬ রানের ইনিংস খেলে আউট হন। অন্যদিকে ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন জাকের। ১৮০ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৯২ রানে আউট এই উইকেটকিপার।
রবিউল হক ২২* ও হাসান মুরাদ ৩* রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন। ১ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিনে কতদূর যেতে পারে মধ্যাঞ্চল, সেটাই দেখার।
পূর্বাঞ্চলের আসাদুজ্জামান পায়েন ৩ উইকেট পেয়েছেন। এছাড়া পেসার এনামুল হক, নাঈম হাসান ও তানভীর ইসলাম ২টি করে উইকেট নেন।









