বক্সিং ডে টেস্টে দাপুটে এক দিন কাটিয়েছে ভারত। লোকেশ রাহুলের সপ্তম টেস্ট সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ছুটছে সফরকারীরা। সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ২৭২ রান।
২০১৪ সালে বক্সিং ডে টেস্টেই লোকেশ রাহুলের অভিষেক হয়েছিল। অবশ্য সেই অভিষেক ভুলে যেতে চাইবেন তিনি। ২০১৮ সালের বক্সিং ডে টেস্টে বন্ধু ও সতীর্থ মায়াঙ্ক আগারওয়ালের কাছে জায়গা হারাতে হয় তাকে। তিন বছর পর আরও একটি বক্সিং ডে টেস্টে সেই দু’জনই নামলেন ওপেনিংয়ে। যাদের জুটিবদ্ধ সূচনা সফরকারীদের কর্তৃত্ব গড়তে সাহায্য করেছে।
চার পেসার নিয়ে খেলেও প্রথম সেশনে কোনও উইকেট ফেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বরং প্রথম ও চতুর্থ ইনিংসে যেখানে ব্যাটিংটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, সেখানে শাসন করেছেন দুই ওপেনার।
১১৭ রানের ওপেনিং জুটি ভাঙে মায়াঙ্ক আগারওয়ালের বিদায়ে। ততক্ষণে অবশ্য ৬০ রান হয়ে যায় তার। হঠাৎ মনোযোগে ব্যাঘাত ঘটাতেই লুঙ্গি এনগিদির বলে এলবিডাব্লিউ হয়ে ফিরতে হয়েছে তাকে। নতুন নামা চেতেশ্বর পূজারাও তখন প্রতিরোধ গড়তে পারেননি। বরং শূন্য রানে ফিরে দলকে কিছুটা চাপে ফেলে দিয়েছিলেন। সাম্প্রতিক ফর্মও অবশ্য তার ভালো নয়। এই বছর তিনবার ফিরলেন শূন্য রানে!
অধিনায়ক বিরাট কোহলি তার পর ধাক্কা সামাল দিলে জুটিতে যোগ হয়েছে ৮২ রান। কিন্তু এনগিদির বলে কোহলি ৩৫ রানে ক্যাচ তুলে দিলে আর বড় হয়নি এই জুটি। শেষটা অবশ্য আজিঙ্কা রাহানে আর রাহুল মিলেই পার দিয়েছেন। ৭৩ রানের জুটি গড়ে রাহুল অপরাজিত আছেন ১২২ রানে। রাহানে ব্যাট করছেন ৪০ রানে।









