নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। সবমিলিয়ে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে বাংলাদেশ একাদশ। বলা যায় ১ জানুয়ারি প্রথম টেস্টের আগে ব্যাট-বলে ভালো মতো প্রস্তুতি নিয়ে রাখলো সফরকারীরা।
প্রথম দিন বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছে মাত্র ২৮ ওভার। তার পরেও বাংলাদেশের পেসারদের দাপট ছিল দেখার মতো। ৫ উইকেট হারিয়ে ৭৫ রান করতে পেরেছে কিউই একাদশ। বুধবার ৭ উইকেট হারিয়ে ১৪৬ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। পেসার আবু জায়েদ রাহী ৩ ও তাসকিন আহমেদ ২ উইকেট নিয়েছেন।
বল হাতে পেসাররা উজ্জ্বলতা ছড়ানোর পর ব্যাটাররাও কম ছিলেন না। যদিও শুরুটা ছিল অস্বস্তিকর। মাত্র ৪ বল খেলে ফিরে গেছেন ওপেনার সাদমান। কোনও রান তুলতে পারেননি। পাকিস্তানের বিপক্ষেও দুই টেস্টে আহামরি কিছু করে দেখাতে পারেননি। চার ইনিংসে করেছেন ২০ রান।
সাদমানের ব্যর্থতা চলমান থাকলেও রান পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী দলের ব্যাটার মাহমুদুল হাসান জয়। যুব দলের হয়ে নিউজিল্যান্ডের মাটিতে ভালো করার অভিজ্ঞতা আছে তার। নিউজিল্যান্ড সিরিজে একটি সেঞ্চুরি, আরেক ম্যাচে ৯৯ রান করেছিলেন। প্রস্তুতি ম্যাচেও হতাশ করলেন না। ১৩১ বলে ১১ চারে খেলেছেন ৬৬ রানের ইনিংস।
মাহমুদুল ছাড়াও মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৬৬ রান। ৯১ বলে ৭ চার ও ১ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। লিটন দাস ৭ চারে ৬৮ বলে করেছেন ৪১ রান। এর বাইরে নাজমুল হোসেন শান্ত ৫৩ বলে ২৭ রান করেছেন।
সাদমানের মতো ব্যর্থ ছিলেন অধিনায়ক মুমিনুলও। ৯ রানের বেশি করতে পারেননি। এই রান খরা ছিল পাকিস্তান সিরিজেও। মুমিনুলের ব্যাট থেকে সব মিলে আসে মোট ১৪ রান। এর বাইরে ইয়াসির আলী করেছেন ২১। শেষ দিকে মেহেদী হাসান অপরাজিত ছিলেন ২০ রানে।
নিউজিল্যান্ড একাদশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে নিয়েছেন ব্রেট রান্ডেল, ক্রিস্টিয়ান ক্লার্ক ও টিম প্রিংগে।









