নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দিলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, জয়ের এ ধারা বাংলাদেশ ক্রিকেট দল অব্যাহত রাখবে।
মাউন্ট মঙ্গানুই প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যেকোনও ফরম্যাটে এটাই প্রথম জয় টাইগারদের।
দেশের মাঠে নিউজিল্যান্ডের টানা ১৭ টেস্টের অপরাজেয় যাত্রা থামালো বাংলাদেশ।
সর্বশেষ তিন সিরিজে তারা হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে। উপমহাদেশের কোনও দলের সর্বশেষ জয় ছিল ১১ বছর আগে, পাকিস্তানের। সেই দলকেই এবার বড় ব্যবধানে হারালো বাংলাদেশ।
এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ।
এদিকে পৃথক এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিন্ন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩২৮ ও দ্বিতীয় ইনিংসে ৭৩.৪ ওভারে ১৬৯ (উইল ইয়ং ৬৯, রস টেলর ৪০, রাচিন রবীন্দ্র ১৬, টম ল্যাথাম ১৪, ডেভন কনওয়ে ১৩; এবাদত হোসেন ৬/৪৬, তাসকিন আহমেদ ৩/৩৬, মেহেদী হাসান মিরাজ ১/৪৩)।
বাংলাদেশ: ৪৫৮ ও দ্বিতীয় ইনিংসে (লক্ষ্য ৪০ রান) ১৬.৫ ওভারে ৪২/২ (নাজমুল হোসেন শান্ত ১৭, মুমিনুল হক ১৩*, মুশফিকুর রহিম ৫*, সাদমান ইসলাম ৩; কাইল জেমিসন ১/১২, টিম সাউদি ১/২১)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: এবাদত হোসেন।
সিরিজ: দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ ১-০তে এগিয়ে।









