নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট ৮ উইকেটে জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেলো বাংলাদেশ। সবমিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ৩২ ম্যাচ খেলেছে সফরকারীরা। সময়-ক্ষণ আলাদা হলেও সব ম্যাচে একই পরিণতি! হারের ব্যর্থতায় মাঠ ছাড়তে হয়েছে বারবার। এবারের সফরে প্রথম টেস্ট দিয়ে সেই আক্ষেপ-হতাশা দূর করলো মুমিনুলরা। বাংলাদেশের এমন জয়ে দেশে আনন্দের বন্যা। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজ খেলতে না যাওয়া তামিম ইকবাল দেশের গ্রাউন্ডসম্যান ও কিউরেটরদের সঙ্গে একবেলা কাটিয়েছেন।
এই আনন্দ উদযাপন নিয়ে তামিম নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে বিশাল এক পোস্ট দিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের আজকে স্মরণীয় একটি দিন। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের আমরা হারিয়ে দিয়েছি তাদের মাঠেই। দেশের ক্রিকেটে এমন দিন খুব কমই পেয়েছি আমরা। আমাদের দল যেমন সেখানে উচ্ছ্বাস-উল্লাসে উদযাপন করেছে, দেশেও সবাই নিজেদের মতো করে উদযাপন করছি। আমি উদযাপনের জন্য বেছে নিয়েছি এমন মানুষদের, যারা বাংলাদেশ ক্রিকেটের আনসাং হিরো।’
ছবি ও ভিডিও পোস্ট করে তামিম আরও লিখেছেন, এই ছবিতে যাদের দেখছেন, তারা সবাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মাঠকর্মী। আজকে উদযাপনে আমার সঙ্গী ছিলেন তাদের ৪০ জন। আমরা একসঙ্গে ডিনার করেছি, মজা করেছি, আনন্দময় সময় কাটিয়েছি। আজকের জয়কে পরিপূর্ণভাবে উপভোগ করার চেষ্টা করেছি।
কেন দেশের গ্রাউন্ডসম্যানদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন তামিম? ব্যাখ্যায় তামিম বলেছেন, অনেকে ভাবতে পারেন, আমরা ম্যাচ জিতলাম নিউজিল্যান্ডে, এখানে মিরপুরের মাঠকর্মীদের ভূমিকা কী? কিন্তু আমরা যারা ক্রিকেটার, তারা জানি, কতটা কষ্ট এই মানুষগুলো করেন। রোদ-বৃষ্টি-ঝড়ে বছরজুড়ে তারা আমাদের প্রস্তুতির জন্য কাজ করে যান। আমরা যখন নেটে ঘাম ঝরাই, আড়ালে থেকে আরও বেশি ঘাম ঝরিয়ে যান এই মানুষগুলো। পরিবার-পরিজন ছেড়ে তারা দিনের পর দিন মাঠে পড়ে থাকেন এবং অক্লান্ত পরিশ্রম করেন যেন আমাদের প্রস্তুতিতে কোনও ঘাটতি না থাকে। আমরা যখন এবং যেভাবে চাই, তারা উইকেট ও মাঠ প্রস্তুত রাখেন। আমাদের যে কোনও সাফল্যের ভাগীদার তারাও।









