গতিময়তা আর ব্যাটসম্যান বান্ধব ফরম্যাট টি-টোয়েন্টি ক্রিকেট। এই ফরম্যাটকে আরও চিত্তাকর্ষক করতে নতুন নিয়ম চালু করলো আইসিসি। পরিবর্তন আনা হলো প্লেয়িং কন্ডিশন তথা ম্যাচ পরিস্থিতির বেঁধে দেওয়া নিয়মে। এখন থেকে স্লো ওভার রেটের জন্য প্রতি ওভারেই শাস্তি পেতে হবে ফিল্ডিং টিমকে!
নির্ধারিত সময়ে প্রতিটি ওভার শেষ করা না গেলে এই শাস্তি পাবে ফিল্ডিং টিম। তখন তাৎক্ষণিক শাস্তি হিসেবে ৩০ গজের বাইরে কমে যাবে একজন ফিল্ডার। অর্থাৎ ৫ জন ফিল্ডারের বদলে থাকতে পারবে ৪জন! যা আশীর্বাদ হয়ে আসবে ব্যাটারদের জন্য।
শুক্রবার আইসিসি ঘোষিত বিবৃতিতে বলা হয়েছে, ফিল্ডিং টিমকে এমন অবস্থানে থাকা লাগবে যেন ফাইনাল ওভারের প্রথম বলটি নির্ধারিত সময়ে শুরু করা যায়। তেমনটা নাহলে নেমে আসবে শাস্তির খড়গ। তখন আম্পায়ার নিজেই সংশ্লিষ্ট দলকে এই সময়ের কথা জানিয়ে দেবেন।
আইসিসি আরও জানিয়েছে, এই পরিবর্তন আনা হয়েছে আইসিসির ক্রিকেট কমিটির সুপারিশে। মূলত ‘দ্য হান্ড্রেডে’ একই নিয়ম প্রচলনে উপকৃত হওয়া গেছে দেখেই তা বিবেচনায় নিয়েছে এই কমিটি।
এছাড়া টি-টোয়েন্টিতে প্রতিটি ইনিংসের মাঝপথে ঐচ্ছিক পানি পানের বিরতির বিষয়টিও অনুমোদন দিয়েছে আইসিসি। জানা গেছে, কোনও সিরিজে এই বিরতি কখন নেওয়া হবে বা আদৌ নেওয়া হবে কিনা- তার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দুই বোর্ড মিলেই নিতে পারবে।
নতুন এই পরিবর্তন দেখা যাবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টিতে। স্যাবিনা পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।









