তাই বলে এক ওভারে, আরও স্পষ্ট করে বললে ৪ বলের মধ্যে দুইবার! তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম যখন উইকেট এনে দিতে পারছিলেন না, মুমিনুল হক বল তুলে দিলেন এবাদত হোসেনের হাতে। আগের টেস্টের নায়ক দ্বিতীয় বলেই এনে দিলেন ‘উইকেট’। কিন্তু হায়, ফিল্ড আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান টম ল্যাথাম। ওই ওভারের পঞ্চম বলে আবারও ব্যাটার ল্যাথাম, আবারও ফিল্ড আম্পায়ারের এলবিডব্লিউয়ের আউটের সংকেত। এবারও কিউই অধিনায়কের রিভিউয়ে রক্ষা। শেষ পর্যন্ত ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের লাঞ্চের আগে উইকেটই পায়নি বাংলাদেশ।
আজ (রবিবার) শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। হ্যাগলি ওভালের ম্যাচের প্রথম দিনের লাঞ্চ বিরতির আগে স্বাগতিকদের দাপট। কোনও উইকেট না হারিয়ে তারা ২৫ ওভারে করেছে ৯২ রান। এরই মধ্যে হাফসেঞ্চুরি পূরণ করেছেন ল্যাথাম। চমৎকার ব্যাটিংয়ে ৬৬ রানে অপরাজিত তিনি। তার সঙ্গে ইনিংস শুরু করা আরেক ওপেনার উইল ইয়ং অপরাজিত ২৬ রানে।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ। ক্রাইস্টচার্চের শেষ টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক মুমিনুল হক। ফলে নিউজিল্যান্ডের ব্যাটিং দিয়ে শুরু হয়েছে শেষ টেস্টের লড়াই।
মাউন্ট মঙ্গানুইয়ের প্রথম টেস্ট দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের পরও বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। একটি পরিবর্তন আসলে অনুমিতই ছিল। চোটের কারণে নিউজিল্যান্ড সফর শেষ হয়ে যাওয়া ওপেনার মাহমুদুল হাসান জয় নেই। তার জায়গায় টেস্ট ক্রিকেটে অভিষেক হয়ে গেছে নাঈম শেখের। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও ক্রাইস্টচার্চের ম্যাচ দিয়ে প্রথমবার টেস্ট আঙিনায় এই ওপেনার।
অন্যদিকে একাদশে নেই মুশফিকুর রহিম। প্রথম টেস্টে সুবিধা করতে না পারা অভিজ্ঞ এই ব্যাটার কুঁচকির চোটে নেই। তার জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ডের একাদশে একটি পরিবর্তন। অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর জায়গায় এসেছেন আরেক অলরাউন্ডার ড্যারিল মিচেল।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।









