অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে যাচ্ছেতাই ব্যাটিংয়ে ৯৭ রানে অলআউট হয় তারা। সহজ লক্ষ্য ১৪৯ বল আগেই ৭ উইকেটে জয় পায় ইংলিশরা। যুব বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে হলে বাকি দুটি ম্যাচে জয়ের বিকল্প নেই রাকিবুল হাসানদের সামনে। যার প্রথমটিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় কানাডার বিপক্ষে নামছে লাল-সবুজ জার্সিধারীরা।
ইংল্যান্ডের বিপক্ষে রাকিবুল-নাবিলদের পারফরম্যান্সে ছিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ছাপ। তবে শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা রাকিবুলের কণ্ঠে। তার জন্য অবশ্য ব্যাটিংয়ে উন্নতির কোনও বিকল্প দেখছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের ব্যাটিং নিয়ে বসতে হবে, উন্নতি করতে হবে। আশা করছি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবো। শেষ দিকে কিছু ব্যাটার ভালো ব্যাট করেছে। আমাদের মূল ব্যাটাররা পারফর্ম করতে পারলে অনেক ভালো কিছু আসবে।’
ব্যাটিংয়ে ব্যর্থ হলেও ইংল্যান্ডের বিপক্ষে বোলাররা যথেষ্ট চেষ্টা করেছেন। সেই কথাও উঠে এসেছে রাকিবুলের কণ্ঠে, ‘প্রথম ম্যাচে বোলিংয়ে আমরা ভালো করেছি। উইকেট থেকে সহায়তা পেয়েছি। তাই বোলিং এবং ফিল্ডিং ইউনিট নিয়ে খুশি আমি। আমাদের দুটি ম্যাচ আছে, সেগুলো জিতে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে চাই। এজন্য আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’
কানাডা অবশ্য বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ নয়। দলটির বিপেক্ষে বাংলাদেশ চারবার মুখোমুখি হয়েছে। যার তিনটি ম্যাচ বাংলাদেশ জিতেছে, অন্যটি টাই হয়েছে। ২০০২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফতাব-নাফিস-আশরাফুলরা কানাডাকে হারাতে পারেননি। বাংলাদেশের করা ২১৩ রানের পর নির্ধারিত ৫০ ওভারে ২১৩ রানেই থামে কানাডা!









