কুড়ি ওভারের ক্রিকেট মানেই ধুমধারাক্কা ক্রিকেট। সেখানে থাকবে উত্তেজনা, থাকবে চার-ছক্কার ঝড়। কিন্তু গত কয়েক বছর ধরে বিপিএলে সেই আমেজ নেই। গায়ে টি-টোয়েন্টির লেবাস থাকলেও বিপিএল মানেই যেন লো স্কোরিং নিষ্প্রাণ ম্যাচ! গত কয়েক আসর ধরে এমন ম্যাড় ম্যাড়ে আবেদনে শেষ হয়েছে প্রতিটি আসর। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য আশা করছেন, এবার স্পোর্টিং উইকেটেই মাঠে গড়াবে বিপিএল।
শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে পর্দা উঠছে বঙ্গবন্ধু বিপিএলের। তাই স্বাভাবিকভাবেই ম্যাচের আগে স্লো ও লো উইকেটের প্রশ্নটি এলো অবধারিতভাবে। জবাবে সাকিব আল হাসান বলেছেন, ‘আমি এখনও উইকেট দেখতে পারিনি। তবে বিশ্বাস করি স্পোর্টিং উইকেট হবে। যেখানে সবার জন্যই (পেসার, স্পিনার, ব্যাটার) কিছু না কিছু থাকবে। আশা করি, ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে।’
মিরপুরের উইকেট নিয়ে বেশ কয়েকটি সিরিজ ধরেই আলোচনা। বার বার স্পোর্টিং উইকেটের কথা বলা হলেও বাস্তবে প্রয়োগ দেখা যায়নি। তাই বার বার একই বিষয় আসায় মাহমুদউল্লাহ রিয়াদও বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছেন না। ঢাকার অধিনায়কের ভাবনা স্পষ্ট, উইকেট যেমনই হোক মানিয়ে নিতে হবে, ‘উইকেটের ব্যাপারে আলাদা কিছু নেই। ম্যাচ খেলার সময় মাথায় রাখতে হবে উইকেট ভালো হবে। আগে থেকেই যদি চিন্তা করেন উইকেট স্লো থাকবে, তাহলে নেতিবাচক মানসিকতা নিয়ে মাঠে ঢুকতে হবে। ভালো উইকেট না হলে মানিয়ে নিবো ইনশাআল্লাহ্।’
স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে বিদেশি বেশ কিছু ক্রিকেটারদের নিয়ে ভালো দল গড়েছে বরিশাল ফরচুন। নিজেদের কতটা এগিয়ে রাখছেন? এমন প্রশ্নে সাকিব বলেছেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে এগুলো বলা মুশকিল। বাকি পাঁচদলেরও একই রকম মনে হচ্ছে আমাদের। প্রথম ২/১টা ম্যাচ গেলে হয়তো অনেক বেশি অ্যানালাইসিস করা সম্ভব। এখন যেটা মনে হচ্ছে আমরা খুবই ব্যালেন্সড একটা দল। তবে টুর্নামেন্ট শুরু হলে আসল অবস্থা বোঝা যাবে।’
তবে দল হিসেবে মাঠে সেরাটা দিয়েই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে চান তারা। সাকিবের কথা, ‘ছয়টা দলই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে নামছে। আমরাও তার ব্যতিক্রম নই। চ্যাম্পিয়ন হতে পারলে ভালো, না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না। আমরা যেটা করতে পারি মাঠে শতভাগ দিয়ে চেষ্টা করা। একটা দল হিসেবে খেলা। সফলতা আনার জন্য যা যা করা দরকার, সেই কাজগুলো করতে পারি। আর দল হিসেবে খেলতে পারলেই সাফল্য পাওয়া সম্ভব।’









