বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ দিনে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকার মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলার পথে অনেক মাইলফলকও স্পর্শ করেছেন এই অলরাউন্ডার।
মাহমুদউল্লাহ মঙ্গলবার বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে পাঁচ হাজার রান পেয়েছেন। পাশাপাশি বিপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে পূরণ করেছেন দুই হাজার রান।
২০১২ সাল থেকে বিপিএল খেলা মাহমুদউল্লাহ বড় ইনিংসের দেখা পাননি কখনও। তিনবার হাফসেঞ্চুরির কাছে গেলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। মঙ্গলবার অবশ্য কাঙ্ক্ষিত হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।
এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের অষ্টম ওভারে ক্রিজে আসেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক। প্রথম ৬ বলে ৩ রান করা মাহমুদউল্লাহ সপ্তম বলে ছক্কা মেরে ঝড় শুরু করেন। এরপর নিয়মিতই বাউন্ডারি মেরেছেন। চতুর্দশ ওভারে পেসার শহিদুল ইসলামকে ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারে পাঁচ হাজার রান স্পর্শ করেন তিনি। সব মিলিয়ে দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেছেন। ৪১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ইনিংসটি সাজিয়েছেন এই ব্যাটার। যা বিপিএল তো বটেই, তার ক্যারিয়ারেও সর্বোচ্চ।
এখন সব মিলিয়ে মাহমুদউল্লাহর নামের পাশে ২৭২ ম্যাচে রয়েছে ৫ হাজার ৪৫ রান। এর আগে বাংলাদেশিদের মধ্যে পাঁচ হাজার রান পেরিয়েছেন কেবল সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
অন্যদিকে বিপিএলে ৭৬ ম্যাচে মাহমুদউল্লাহর সংগ্রহ হলো ২ হাজার ১৪ রান। মাহমুদউল্লাহর সামনে আছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। মুশফিকের সংগ্রহ ২ হাজার ৪০৮ রান। আর সবার ওপরে থাকা তামিমের সংগ্রহ ২ হাজার ৪৮৩ রান।









