বিসিবির ডাকে ঢাকায় দুর্নীতির অভিযোগ করা ক্রিকেটার

রবিউল ইসলাম
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪০

বাগেরহাটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনোনীত কোচ আবু তাহেরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এক কিশোর ক্রিকেটারের দাবি, ৩০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় অনুশীলনে ভালো করা সত্ত্বেও অনূর্ধ্ব-১৬ বাগেরহাট জেলা দলের তিনটি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়নি তাকে। যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, বাগেরহাটের সেই কোচ অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। এরপরও বিসিবি বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিল। সঠিক তদন্তের স্বার্থে বিসিবি দুই পক্ষের সঙ্গেই কথা বলবে বলে জানিয়েছেন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

তারই ধারাবাহিকতায় ভুক্তভোগী কিশোরকে ঢাকায় ডেকেছে বিসিবি। সংস্থাটির তরফ থেকে ফোন দিয়ে ভুক্তভোগীকে জানানো হয়, শনিবার দুপুরে বিসিবি কার্যালয়ে আসতে। ইতোমধ্যে বাগেরহাটের এই কিশোর ঢাকায় চলে এসেছেন। শনিবার দুপুরে তিনি বিসিবি কার্যালয়ে যাবেন। ভুক্তভোগী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি ঢাকায় চলে এসেছি। কাল বিসিবিতে যাবো। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। তাহের স্যার ভুয়া স্কোরশিট বানিয়ে ফেলেছেন। আমি বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছি। তারপরও যেসব প্রমাণ আছে, আশা করি সবকিছু আমার পক্ষেই থাকবে।’ 

এদিকে কোচ আবু তাহের শুক্রবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাকে গেম ডেভেলপমেন্ট থেকে ফোন দেওয়া হয়েছিল। ওরা বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছে। স্কোরশিটগুলো চেয়েছে। আমি এগুলো পাঠিয়ে দিয়েছি। শুনেছি ছেলেটাকে ডাকা হয়েছে। আমাকে এখনও যাওয়ার কথা বলেনি। যদি বলে, কালকে সকালের ফ্লাইটে চলে যাবো।’

আবু তাহের আরও বলেছেন, ‘আমি আগেও বলেছি, অনুশীলন ম্যাচের স্কোরশিট অফিসিয়াল ম্যাচের কোনও স্কোরশিট নয়। অনুশীলন ম্যাচের স্কোর সাদা কাগজে লেখা হয়ে থাকে। সেখানে আমি গুনে দেখেছি ওর রান ৩৪/৩৫। ও যে বলছে ফিফটি করেছে, সেটা তো সত্য না। অনুশীলন ম্যাচগুলোয় সাধারণত কোনও নো বল, এলবিডব্লিউ থাকে না। এসব ম্যাচের রান তো গুরুত্বপূর্ণ নয়। অনেক ছেলে আছে, যারা অনেক সময় রান করতে পারে না, তাদের কিন্তু আমরা দলে রেখে দেই। কারণ, তারা স্কিলফুল। কিন্তু এই ছেলে যেভাবে মিথ্যাচার করছে, মেনে নেওয়া কঠিন।’

জেলা ক্রিকেটে দুর্নীতির অভিযোগটি ভীষণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এটি গুরুত্বের সঙ্গে দেখছে। বোর্ড কর্তাদের ভাষ্য, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই কোচকে আজীবন নিষিদ্ধ করা হবে। গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কিছু প্রমাণ হলে শাস্তি তো অবশ্যই পেতে হবে। তার কোচিং ক্যারিয়ারই থাকবে না। শাস্তি তাকে পেতেই হবে। টাকার বিনিময়ে দলে জায়গা করে দেওয়ার কথা বললে সেই দায় তো কোনও কোচ এড়াতে পারবে না। অবশ্যই আমরা এ অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করবো।’
 
প্রসঙ্গত, চলতি মাসে অনূর্ধ্ব-১৬ বিভাগীয় পর্যায়ের দল চূড়ান্ত হবে। এর অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে নড়াইলে তিনটি ম্যাচ খেলতে যাবে বাগেরহাটের সেরা ১৫ ক্রিকেটার। এগুলোতে ভালো পারফরম্যান্স দেখানো ক্রিকেটাররা খুলনা বিভাগীয় পর্যায়ের ক্যাম্পে সুযোগ পাবে। তাদের মধ্য থেকে ১৫ জন চূড়ান্তভাবে জায়গা করে নেবে খুলনা বিভাগীয় দলে। এর আগে বাগেরহাটে বাছাই করা ৩৫ জন ক্রিকেটারকে নিয়ে দুটি ম্যাচ আয়োজন করা হয়। এগুলোতে একটি অর্ধশতসহ ৫৭ রান করেও ১৫ জনের ক্যাম্প থেকে বাদ পড়েছে ওই কিশোর। তার অভিযোগ, ঘুষ না দেওয়ায় সে জায়গা পায়নি।

আরও পড়ুন: জেলা দল নির্বাচনে ঘুষের অভিযোগ, তদন্ত করবে বিসিবি

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম