নাম জশ ইংলিস। জন্ম ইংল্যান্ডে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়া দলকে। অনেক দিন ধরে আলোচনায় থাকা এই উইকেটকিপার ব্যাটারের অবশেষে অভিষেক হচ্ছে অস্ট্রেলিয়ার জার্সিতে। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল (শুক্রবার) থেকে। সিডনির প্রথম টি-টোয়েন্টির একাদশে থাকা ইংলিস ব্যাট করবেন তিন নম্বরে।
আজ (বৃহস্পতিবার) একাদশ ঘোষণার সঙ্গে ব্যাটিং অর্ডার নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সিডনির ম্যাচ দিয়েই আবার কুড়ি ওভারের ক্রিকেটে নামছে অস্ট্রেলিয়া। অর্থাৎ, বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ফিঞ্চদের এটি প্রথম ম্যাচ। আরেকটি বিষয়ও আছে, জাস্টিন ল্যাঙ্গার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর প্রথম মিশনে অজিরা।
ইংলিসের অভিষেকের ম্যাচের একাদশে ডাক পেয়েছেন বেন ম্যাকডারমোট। এবারের বিগ ব্যাশের সর্বোচ্চ রান সংগ্রাহক ফিঞ্চের সঙ্গে ওপেন করবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে তিন নম্বরে আলো ছড়ানো মিচেল মার্শের জায়গায় ব্যাট করবেন ইংলিস। তিনি উইকেটকিপার হলেও গ্লাভস থাকছে অভিজ্ঞ ম্যাথু ওয়েডের হাতেই।
এদিকে বিশ ব্যাশে রানের ফোয়ারা ছোটানো ম্যাকডারমোট খেলবেন ডেভিড ওয়ার্নারের জায়গায়। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে বাঁহাতি ওপেনারের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে মিচেল মার্শকে। গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের একাদশ থেকে এই দুটিই পরিবর্তন।
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), বেন ম্যাকডারমোট, জশ ইংলিস, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।









