বিপিএলের শুরু থেকে ওপেনিং জুটি নিয়ে দুচিন্তায় ছিল ফরচুন বরিশাল। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে ক্রিস গেইল ও মুনিম শাহরিয়ারকে ওপেনিংয়ে বেছে নেয় তারা। সৈকত আলী-জেইক লিন্টট, নাজমুল-ডোয়াইন ব্রাভোরা ব্যর্থ হওয়ার পর তাদের দিয়ে আলোর পথ খুঁজে পায় বরিশাল। গেইলকে ঠিক তার স্বভাবে পাওয়া না গেলেও প্রতি ম্যাচেই ধুন্ধুমার ব্যাটিংয়ে চার-ছক্কার বৃষ্টি ঝরাচ্ছেন মুনিম। ময়মনসিংহ থেকে উঠে আসা এই তরুণ ব্যাটারকে বিপিএলের ‘বড় আবিষ্কার’ হিসেবে দেখছেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।
বরিশালের হয়ে খেলা ৪ ম্যাচের একটিতে মুনিমের ব্যাট হাসেনি। বাকি ৩ ম্যাচেই শুরুর কাজটা দায়িত্ব নিয়ে সেরেছেন তিনি, ঠিক রেখেছেন টি-টোয়েন্টিসুলভ স্ট্রাইক রেটও। শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে ২৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ওপেনার। মুনিমের এমন ধারাবাহিক সাহসী ব্যাটিংয়ে মুগ্ধ সাকিব।
বরিশাল অধিনায়ক বলেছেন, ‘আমার মতে, বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, সে (মুনিম) তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইমিং করে, সাহসী ক্রিকেটার।’
সাকিবের চাওয়া মুনিমকে যেন সঠিকভাবে যত্ন নেওয়া হয়। এই ব্যাটার বিপিএলের বড় আবিষ্কার জানিয়ে বরিশাল অধিনায়ক বলেছেন, ‘এখন নিশ্চিত করতে হবে তার যেন ঠিকঠাক যত্ন নেওয়া হয়। নিশ্চিতভাবেই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।’
গত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আলোচনায় আসেন ২৩ বছর বয়সী মুনিম। ঢাকা আবাহনীর হয়ে ১৪ ম্যাচে দুই হাফসেঞ্চুরিসহ ২৯.৫৮ গড়ে ১৪৩.১৪ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেন ময়মনসিংহের এই ক্রিকেটার। অথচ এই মুনিম শুরুতে দলই পানননি বিপিএলে। পরে তাকে নেয় ফরচুন বরিশাল। ষষ্ঠ ম্যাচ থেকে সুযোগ পেয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলে ক্রিকেটপ্রেমীদের মন জুড়িয়ে দিচ্ছেন এই ব্যাটার। চার ম্যাচে একটি হাফসেঞ্চুরিসহ ৩৩.৫০ গড়ে ১৬৭.৫০ স্ট্রাইকরেটে মুনিমের রান ১৩৪।









