কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ১০ দিন আগেই বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান দল। মঙ্গলবার থেকে সিলেটে শুরু হয়েছে তাদের প্রস্তুতি। কিন্তু করোনাভাইরাস সংক্রমণে দলের ১২ সদস্য উপস্থিত ছিলেন না অনুশীলনে। তবে ২৪ ঘণ্টার ব্যবধানেই জানা গেলো, আফগানিস্তান দলের সবাই নেগেটিভ হয়েছেন।
আজ (বুধবার) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ। সবাই করোনা নেগেটিভ হওয়াতে আফগানিস্তানের এখন পুরো দল নিয়ে অনুশীলন চালিয়ে যেতে সমস্যা নেই।
ফলে ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক আইসোলেশনও তুলে নেওয়া হয়েছে। প্রথম কোভিড পরীক্ষায় সফরকারী বহরের ১২ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে ৮ ক্রিকেটার, এক ক্রিকেটারের স্ত্রী ও তিন স্টাফ ছিলেন। দ্বিতীয় পরীক্ষায় তাদের সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
সীমিত ওভারের সিরিজ খেলতে শনিবার রাতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। আগামী ১০ দিন তারা সিলেটে ক্যাম্প করবে।
আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই লিগের পয়েন্ট তালিকার শীর্ষ আটে থাকতে হবে। এজন্য আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ।
ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থায় আছে দুদলই। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের ৬ ম্যাচে জয় ৬টিতেই। ৬০ পয়েন্ট নিয়ে আফগানরা তালিকার পঞ্চম স্থানে।
দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকায়। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ হবে কুড়ি ওভারের ম্যাচ। ওয়ানডে ম্যাচ শুরু সকাল ১১টায়। আর টি-টোয়েন্টি বিকাল ৩টা থেকে।









