‘ব্যক্তিগত কারণে’ দেশের জার্সিতে ম্যাচ মিস করার অভিজ্ঞতা নতুন নন সাকিব আল হাসানের। গত বছর সর্বশেষ ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নিউজিল্যান্ড সফরে যাননি। সামনেই দক্ষিণ আফ্রিকা সফর, এখানেও টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন। আইপিএলে যেহেতু দল পাননি, তাতে হয়তো যেতেও পারেন দক্ষিণ আফ্রিকায়। দারুণ ছন্দে থাকা এই অলরাউন্ডারকে জাতীয় দলের সব ফরম্যাটে চান তার শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিম।
আজ (বুধবার) এক প্রশ্নের জবাবে ফাহিম বলেছেন, ‘এটা (সাকিব দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে না) নিয়ে আসলে আলাদা করে কোনও কথা হয়নি। ও কি খেলতে যাচ্ছে, না যাবে না, সে বিষয়ে কোনও কথা হয়নি। আমার পরামর্শ থাকবে সব খেলার। ও যখনই এভেইলেবল থাকবে, বাংলাদেশের সব খেলা যেন খেলে, এটা আমি চাইবো।’
ফাহিম শিষ্যর তিন ফরম্যাট খেলার ব্যাপারে আরও বলেছেন, ‘ওর শরীরটা যেন ঠিক থাকে। শারীরিক কারণে কোথায় বিরতি নিতে পারে, সেটাও একটু ভেবে রাখা দরকার। এই বয়সে তিন ফরম্যাটে খেলা… তাই গুরুত্ব বুঝে হয়তো খেলতে হবে। তাই সাকিব এবং বোর্ডকে (বিসিবি) বসে আলাপ করতে হবে- ও কোথায় কোথায় খেলবে। আমার মনে হয়, আলাপ-আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত আসতে পারে।’
আজ ফরচুন বরিশালের ঐচ্ছিক অনুশীলন ছিল। সাধারণত ঐচ্ছিক অনুশীনের দিনগুলোতে সাকিবকে সেভাবে মাঠে দেখা যায় না। এদিন অনুশীলনে সাকিব এসে যেন চমকেই দিলেন সবাইকে। মিডিয়া ম্যানেজারও জানতেন না সাকিব হাজির মিরপুরের একাডেমিতে! বোঝার আর বাকি নেই যে, বিপিএল ফাইনাল নিয়ে বড্ড সিরিয়াস সাকিব। অনুশীলনেও সেই চিত্র ধরা পড়লো। মিরপুরের একাডেমিতে কঠোর পরিশ্রম করেছেন এই অলরাউন্ডার। শুরু থেকে শেষ পর্যন্ত নেটে ঘণ্টাখানেক পাওয়ার হিটিংয়ে ছিল পূর্ণ মনোযোগ।
এ প্রসঙ্গে ফাহিম বলেছেন, ‘ও টি-টোয়েন্টিতে নিয়মিত বড় বড় ইনিংস খেলছে। আমার মনে হয়, নিয়মিত হওয়াটা খুব জরুরি। ওর নিজেরও ধারাবাহিকতার দিকে মনোযোগ। স্ট্রাইক রেট যেন ধরে রাখতে পারে, সেটা নিয়ে কাজ করছে। এজন্য অনুশীলন করা দরকার।’
শিষ্যকে ঘষামাজা করে আরও পরিণত, নিখুঁত করছেন ফাহিম। তার ভাষায়, ‘পারফেকশনের তো কোনও সীমা নেই। কিছু কিছু জায়গায় খুঁত আছে। সেটা ও উপলব্ধি করে। সেগুলো নিয়মিত মাথায় রেখেই ও চলে। আজ সেই পারফেকশনের লক্ষ্য নিয়েই আসছে। কিছুদিনের মধ্যে এমন জায়গায় যাবে, তখন ওকে আমরা খুব কম ভুল করতে দেখবো।’








