আগের দিন ঐচ্ছিক অনুশীলনে আসা সাকিব আল হাসান কিনা ফাইনালের আগের দিন মাঠে নেই! কেন নেই- এ নিয়ে ভিন্ন মন্তব্য পাওয়া গেছে। ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্ট সূত্র বলছে, পেটের পীড়ায় সাকিবকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে সাকিবের বদলে সংবাদমাধ্যম সামলাতে আসা নুরুল হাসান সোহান জানালেন, ঠিক কী কারণে সাকিব আসেননি, তিনি বলতে পারছেন না!
সব মিলিয়ে তাই বিপিএলের এবারের আসরের ফাইনালের আগের দিন সাকিবের মাঠে না থাকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এমনকি ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও ছিলেন না বরিশাল অধিনায়ক।
শুক্রবার সাড়ে ৫টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্রফির লড়াই শুরু হবে। স্বাভাবিকভাবেই আজ (বৃহস্পতিবার) দুই দলের অধিনায়কের ট্রফি উন্মোচন করার কথা। বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তিতে তেমনটাই জানিয়েছিল। সেই অপেক্ষাতে ছিলেন সাংবাদিকরা।
কিন্তু নির্ধারিত সময়ের আধঘণ্টা পেরিয়ে গেলেও ট্রফি উন্মোচন হওয়ার খবর নেই। কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েসকে দেখা গেলেও সাকিবকে পাওয়া যাচ্ছিল না। হুট করেই বরিশালের টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, পেটের পীড়ার ভুগছেন সাকিব, যার কারণে তিনি মাঠে আসেননি। সাকিবের বদলে তাই ট্রফি উন্মোচন করতে হলো উইকেটকিপার ব্যাটার সোহানকে। এমনকি ট্রফি উন্মোচন শেষে প্রেসও সামলাতে হলো সোহানকে!
বরিশালের টিম ম্যানেজমেন্টের কাছ থেকে সাকিবের না আসার যে ব্যাখ্যা পাওয়া গেছে, তার সঙ্গে কোনও মিল নেই সোহানের ব্যাখ্যার। সাকিব সকালে জিমও করেছেন। কিন্তু মাঠে কেন আসেননি, সেটি সোহান এড়িয়ে গেলেন। এ ব্যাপারে এই উইকেটকিপার বলেছেন, ‘গতকাল (বুধবার) ঐচ্ছিক অনুশীলন ছিল, সাকিব ভাই অনুশীলন করেছেন। আজ হয়তো জিম করেছেন, সে কারণে হয়তোবা আসতে পারেননি। তাই আমি এসেছি। আর এটা হচ্ছে পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি যখন দেখেছিলান সকালে উনি (সাকিব) জিম করছিলেন।’
এদিকে খালেদ মাহমুদ সুজন জানালেন আরও ভিন্ন তথ্য। সাকিব নাকি ইচ্ছে করেই অনুশীলনে আসেননি! এ ব্যাপারে বরিশালের কোচ বলেছেন, ‘‘আসলে তেমন কিছু না। বুধবার অনুশীলন করেছে। আজও জিম-টিম করেছে। আমি আসলে অনুশীলনের জন্য পুশ করি না সেভাবে। সে তার খেলাটা জানে। পুরো বিপিএল যদি দেখেন, সাকিব ব্যাট করেছে তিন থেকে চারদিন। নিজের মতো করে কাজ করেছে। আজ বললো, ‘ভালো লাগছে না যাবো না।’ আমিও বলেছি ঠিক আছে।’’
বুধবার ফরচুন বরিশালের ঐচ্ছিক অনুশীলন ছিল। সাধারণত ঐচ্ছিক অনুশীনের দিনগুলোতে সাকিবকে সেভাবে মাঠে দেখা যায় না। এদিন অনুশীলনে সাকিব এসে যেন চমকেই দিলেন সবাইকে। মিডিয়া ম্যানেজারও জানতেন না সাকিব হাজির মিরপুরের একাডেমিতে! বোঝার আর বাকি নেই যে, বিপিএল ফাইনাল নিয়ে বড্ড সিরিয়াস সাকিব।
অনুশীলনেও সেই চিত্র ধরা পড়ে। মিরপুরের একাডেমিতে কঠোর পরিশ্রম করেছেন এই অলরাউন্ডার। শুরু থেকে শেষ পর্যন্ত নেটে ঘণ্টাখানেক পাওয়ার হিটিংয়ে ছিল পূর্ণ মনোযোগ। অথচ ম্যাচের আগের দিন সাকিবকে কোথাও খুঁজে পাওয়া গেলো না।








