নিজের চেনা মাঠে রঙিন জার্সিতে অভিষেক হয়েছিল চট্টগ্রামের ছেলে ইয়াসির আলী রাব্বির। কিন্তু নিজের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন।প্রথম ওয়ানডেতে আফগান পেসার ফজল হক ফারুকীর গতিতে ক্লিন বোল্ড হয়েছেন ডানহাতি ব্যাটার।। আর তাতেই অভিষেকে শূন্য রানে ফিরে আফতাব আহমেদের পাশে বসেছেন!
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ১৩৭তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল ইয়াসিরের। কিন্তু ৫ বলের বেশি খেলতে পারেননি। ফারুকির বলটি যখন ইয়াসিরের ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্পে আঘাত হানে, তখনই নিজের নামটি পূর্বসূরী আফতাব আহমেদের সঙ্গে যুক্ত হয়ে যায় তার।
২০০৪ সালে বার্মিহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফতাবের ওয়ানডে অভিষেক হয়েছিল। ওই ম্যাচে পাঁচ নম্বরে নেমে ১৩ বল খেলে কোনও রান না করেই আউট হয়েছিলেন। ১৮ বছর পর চট্টগ্রামের আরেক ছেলে ইয়াসিরের অভিষেক হলো সেই পাঁচ নম্বরেই। বুধবার ৫ বল খেলা এই তরুণও ফিরেছেন শূন্য রানে। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের আর কোনও ব্যাটসম্যানের শূন্য রানে আউটের রেকর্ড নেই। আফতাব ও ইয়াসির এখন পাশাপাশি দাঁড়িয়ে।
তবে ওয়ানডে অভিষেকে বাংলাদেশের ক্রিকেটারদের শূন্য রানে আউট হওয়ার তালিকাটা বেশ লম্বা। অভিষেকে ইয়াসিরকে নিয়ে ১৫জন রানের খাতা খুলতে পারেননি। আফতাব, ইয়াসির ছাড়া এই তালিকায় আছেন ডলার মাহমুদ, এনামুল হক জুনিয়র, ফজলে মাহমুদ, গাজী আশরাফ হোসেন লিপু, হারুনুর রশিদ, জাহাঙ্গীর শাহ, মনিরুজ্জামান, নুরুল আবেদীন, রফিকুল ইসলাম, সামিউর রহমান, শরিফুল ইসলাম, জাকির হোসেন ও জিয়াউর রহমান।








