জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের নামে কক্সবাজারে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স। দেশে এই প্রথম ৩টি খেলার মাঠ ও ১টি পূর্ণাঙ্গ ক্রিকেট প্র্যাকটিস মাঠ নিয়ে তৈরি হচ্ছে এই কমপ্লেক্সটি। এতে থাকবে আন্তর্জাতিক ফুটবল ও ক্রিকেট এবং হকি স্টেডিয়াম। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস গ্রাউন্ড।
ক্রীড়া কমপ্লেক্সটিতে অন্যান্য খেলাধুলার সুযোগও থাকছে। যা প্রায় ৫০ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে।রবিবার কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে অংশীজন সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
ক্রীড়া প্রতিমন্ত্রী সেখানে বলেছেন, ‘কক্সবাজারের মতো এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায় এ ধরণের স্থাপনা আমরা করতে যাচ্ছি। এটি পুরোটাই প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত ইচ্ছা এবং আগ্রহের কারণে সম্ভব হয়েছে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সের নাম দেশ ছাড়িয়ে বিদেশেও পরিচিতি লাভ করবে। আশা করছি, আন্তর্জাতিক খেলাও এই ভেন্যুতে চলবে। পরিবেশের যাতে ক্ষতি না হয়, সেভাবে সবকিছু বিবেচনা করে এই আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স হবে।’
পশ্চিম দিকে ঝাউবন বেষ্টিত সমুদ্রের দিগন্ত জুড়ে এটি তৈরি হচ্ছে। ভৌগলিক অবস্থানের দিক থেকে প্রাকৃতিক স্থাপনার সঙ্গে খাপ খাইয়ে কমপ্লেক্সটি ‘সাম্পান’ নৌকার আদলে তৈরি করা হচ্ছে। দেখলে মনে হবে- নান্দনিকভাবে সাগরে ৩টি সাম্পান ভাসছে। প্রস্তাবিত ক্রীড়া কমপ্লেক্সের অবস্থান কক্সবাজার বিমানবন্দর থেকে মাত্র ৩ হাজার ৫০০ ফুট দূরে লাবণী বিচ সড়কে অবস্থিত। এই কমপ্লেক্সের মাঠগুলোতে ক্রিকেট ও ফুটবলে ১৫ হাজার এবং হকিতে ৮ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। কমপ্লেক্সে গ্যালারি, ভিআইপি সুবিধা, রেস্তোরাঁ, মিডিয়া জোনসহ আনুষঙ্গিক সবকিছুই থাকছে।









