দেশের হয়ে ৫০তম ওয়ানডে খেলতে নেমেছেন লিটন দাস। মাইলফলকের ম্যাচটা হাফসেঞ্চুরিতেই রাঙিয়েছেন এই ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পূরণ করেছেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি।
চট্টগ্রামে আফগানদের হোয়াইটওয়াশ করার মিশনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে টস জিতে স্বাগতিকদের সংগ্রহ ২০ ওভারে ১ উইকেটে ৯১ রান। ক্রিজে আছেন লিটন দাস (৫৪) ও সাকিব আল হাসান (১৯)।
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামা বাংলাদেশের শুরুটা ছিল ধীর গতির। পাশাপাশি নড়বড়েও। শুরু থেকেই ফজল হক ফারুকির পেসে খেলতে সমস্যা হচ্ছিল তামিমের। দ্বিতীয় বলে আবেদন উঠে লেগ বিফোরের। কিন্তু আম্পায়ার সাড়া দেননি।
একই দশা ছিল লিটন দাসেরও। তৃতীয় ওভারে ফজল হক ফারুকির বলে ফ্লিক করতে গিয়েছিলেন তিনি। শুরুর দিকে মনে হচ্ছিল বল প্যাডে লেগেছে। আফগানরা এলবিডাব্লিউর আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি তাতে। পরে রিভিউ নিলে দেখা গেছে ব্যাট ছুঁয়ে প্যাডে লেগেছে বল।
নড়বড়ে শুরুর ষষ্ঠ ওভারে ক্যাচও উঠে তামিমের। কিন্তু মুজিবের বলে ইনসাইড এজ হলেও কঠিন ক্যাচ গ্লাভসে জমাতে পারেননি কিপার। কিন্তু ১১তম ওভারে ফারুকির বলে আর শেষ রক্ষা হয়নি। আগের দুই ম্যাচের মতো প্রায় একই ডেলিভারিতে তামিমকে বিপদে ফেলেছেন আফগান পেসার। শেষ দুই ম্যাচে লেগ বিফোরে ফিরলেও এবার ভেতরে ঢুকে পড়া বলে হয়েছেন বোল্ড। একই ওভারে আম্পায়ারের সিদ্ধান্তে আউট হয়েছিলেন সাকিবও। কিন্তু বামহাতি ব্যাটার রিভিউ নিয়ে বেঁচেছেন।
শুরুর ধাক্কার পর ধীরে ধীরে জড়তা কাটিয়ে ওঠেন লিটন। ব্যাট চালিয়ে বাড়িয়ে নিচ্ছেন রান। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সাকিব।









