বল হাতে একসময় গতির ঝড় তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। যে কারণে ‘সাদা বিদ্যুৎ’ও ডাকা হতো তাকে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন প্রোটিয়া সাবেক এই পেসার। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরের পর আর চুক্তি নবায়ন করেননি ওটিস গিবসন। ফলে ডোনাল্ড সাবেক কোচ গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
অবশ্য গত কিছু দিন ধরে পেস বোলিং কোচ হিসেবে বিভিন্ন জনের নামও আলোচনায় ছিল। বিসিবি শেষ পর্যন্ত বেছে নিলো প্রোটিয়া সাবেক পেসারকে।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমরা বেশ কয়েকজন কোচের মধ্য থেকে ডোনাল্ডকে বেছে নিয়েছি। আপাতত তার সঙ্গে আমাদের চুক্তি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। পরে তার সঙ্গে চুক্তি নবায়ন করবো।’
ডোনাল্ডের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে জালাল ইউনুস আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার ক্যাম্পে টেস্ট দলের সঙ্গে থাকবেন নাকি ওয়ানডে দলের সঙ্গে থাকবেন- সেটি এখনও চূড়ান্ত হয়নি।’









