কোচ ও টিম ম্যানেজমেন্টকে নিয়ে একদিন আগে বেফাঁস মন্তব্য করেছিলেন পেস বোলিং অলারাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে তলব করে। আজ (মঙ্গলবার) সংবাদমাধ্যমে ওই বক্তব্যে দুঃখপ্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের দিকে আঙুল তুলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। বলেছেন, ‘আমরা ক্রিকেটাররা না থাকলে আপনাদের (সাংবাদিক) কোনও অস্তিত্ব থাকবে না।’
ইনজুরিতে দীর্ঘদিন দলের বাইরে থাকা সাইফউদ্দিন সোমবার মিরপুরে অনুশীলন শেষে বলেছিলেন, ‘আমি এখন জাতীয় দলে নেই। গত সাড়ে ৫ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্টের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। তো আমি নিজ থেকে আসলে কী বলবো? যদি দল মনে করে আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলবো। এখন আবাহনীতে আছি, মনোযোগ এখানেই।’
আজ (মঙ্গলবার) সুর পাল্টে সংবাদমাধ্যমকে উল্টো দোষ দিয়েছেন এই অলরাউন্ডার, ‘(বিসিবির অবস্থান) কঠোর তো আপনারা করছেন, আপনারা তিলকে তাল বানান। ছোট একটা জিনিসে বড় ফাঁক তৈরি করে ফেলেন। আমি আসলে তাদের (কোচদের) বিরুদ্ধে বলিনি। আপনারা যারা সাংবাদিক আছেন, তারা বক্তব্যের অপব্যবহার করেছেন। আমি হয়তো বুঝাতে চেয়েছি অন্যভাবে। আমারও কিছু কথা আমি বুঝিয়ে বলতে পারিনি, এটা আমারই ভুল। এগুলো নিয়েই কথা হয়েছে, কেন এগুলো বললাম, আমি তো বিসিবির টাচে ছিলাম, রিহ্যাবে ছিলাম।’
সাংবাদিকদের উদ্দেশ্যে সাইফউদ্দিন বলেছেন, ‘আজকে ক্রিকেট বোর্ড, আমরা ক্রিকেটাররা যদি না থাকি, তাহলে আপনাদের কোনও অস্তিত্ব থাকবে না। আমরা যদি দেশের বাইরে ট্যুর না করি, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণ না করি, আপনারাও দেশের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে পারবেন না। আমাদের সতর্ক থাকতে হবে, আর আপনাদের পেশাদারিত্ব বাড়াতে হবে।’
এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেছেন, ‘আমরা তো এখন এটা (সাংবাদিকদের নিয়ে মন্তব্য) নতুন করে জানলাম। এটা তো আমরা জানতাম না। আমি ওপর থেকে দেখলাম সে সাক্ষাৎকার দিচ্ছে। এটা তো আমি জানি না। তাকে জিজ্ঞেস করা হবে কেন এমন কথাটা বললো।’
এদিকে সাকিব আল হাসান ইস্যুতে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। সেখানে তিনিও সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেছিলেন, ‘দেশের ক্রিকেটের জন্য কী করেছেন সেটা তো বলেন? কী ভালোটা করেছেন? আমি তো কিছু দেখি না। আপনারা ভালো হয়ে যান, ক্রিকেটাররাও ভালো হয়ে যাবে।’









