প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই উপহার দিলেও হারই ছিল সঙ্গী। কাল ভোর রাত ৪টায় নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। প্রতিপক্ষ ‘চেনা’ বলে ম্যাচটি ঘিরে রোমাঞ্চ কাজ করছে নিগার সুলতানা-জাহানারা আলমদের।
ওয়ানডেতে এই দলটির বিপক্ষেই সবচেয়ে বেশি সাফল্য বাংলাদেশের। তাই ঘুরে দাঁড়ানোর মিশনে নিগারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। যে ম্যাচে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের স্বপ্নও দেখছে লাল-সবুজরা। লড়াইয়ের আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠে প্রকাশ পেলো সেই আত্মবিশ্বাস, ‘সত্যি বলতে আমরা ওদেরকে খুব ভালোভাবে চিনি। ওদের সঙ্গে অনেক খেলেছি। খুব ভালো ধারণাও আছে ওদের নিয়ে। মনে করি, বিশ্বকাপে আমাদের প্রথম জয় পাওয়ার খুব ভালো সুযোগ আছে।’
বিশ্বকাপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ও পাকিস্তান দুদলই তলানিতে। বাংলাদেশ দুটি ম্যাচ খেলে সবকটি হেরেছে, অন্যদিকে পাকিস্তান তিনটি খেলে হেরেছে তিনটিতেই। তবে বাংলাদেশ হেরে গেলেও সেখানে জয়ের কিছু সম্ভাবনা তৈরি করেছিল। আর এই বিষয়টাই আত্মবিশ্বাস দিচ্ছে সুলাতানাকে, ‘গত দুই ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে, তা দুর্দান্ত। হয়তো ফল আমাদের পক্ষে আসেনি। তবে গত দুই ম্যাচে অনেক উন্নতি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলাররা যেমন করেছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটারদের পারফরম্যান্সও ছিল দারুণ। যদি আমাদের ব্যাটিং-বোলিং পরিকল্পনার বাস্তবায়ন একসঙ্গে করতে পারি, তাহলে দারুণ ম্যাচ হবে।’
প্রথম দুই ম্যাচ পর লম্বা বিরতি পেয়েছে বাংলাদেশ। এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন বলে জানালেন নিগার, ‘আমাদের ভালো অনুশীলন সেশন হয়েছে এখানে। খুব ভালো বিশ্রামও পেয়েছি। পরের ম্যাচের জন্য আমরা এখন প্রস্তুত।’









