কুড়ি ওভারের ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত মুখ শেখ মেহেদী হাসান। আজ (মঙ্গলবার) শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ব্যাট ও বল হাতে অলরাউন্ডস পারফরম্যান্সে প্রাইম ব্যাংককে জয় উপহার দিয়েছেন তরুণ এই ক্রিকেটার। আগে ব্যাট করে এনামুল হক-অলক কাপালি-নাসির হোসেনের দলগত পারফরম্যান্সে প্রাইম ব্যাংক ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে। জবাবে ১৩ বছর পর প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া সিটি ক্লাব তুলতে পারে ২১৫ রান। ফলে ৫০ রানের জয়ে লিগের মিশন শুরু করলো প্রাইম ব্যাংক।
বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে ২৬৬ রানের লক্ষ্য দেয় প্রাইম ব্যাংক। তাদের তিন স্পিনার রাকিবুল হাসান, মেহেদী ও কাপালির ঘূর্ণিজাদুতে ৪৫.২ ওভারে ২১৫ রানে অলআউট হয় সিটি ক্লাব। সিটি ক্লাবের ব্যাটাররা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ রান আসে অধিনায়ক জাওয়াদ রায়েনের (৩৭) ব্যাট থেকে। এছাড়া মঈনুল ইসলাম ৩১, তৌফিক খান ২৯ ও রাজিবুল ইসলামের ব্যাট থেকে আসে ২৬ রান।
ব্যাট হাতে ২৭ রান করা মেহেদী হাসান বল হাতে প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য রাকিবুল হাসান ও অলক কাপালি নেন ২টি করে উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিং নেওয়া প্রাইম ব্যাংক ওপেনার শাহাদাত হোসেনকে (৫) হারালেও খুব বেশি সমস্যায় পড়তে হয়নি। দলের ব্যাটারদের সংগ্রহ খুব বড় না হলেও সবাই কমবেশি অবদান রেখেছেন। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন এনামুল হক। ৮২ বলে ৮ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।
এছাড়া শামসুর রহমানের ব্যাট থেকে আসে ৫১ বলে ৪৫ রান। কাপালি খেলেন ৪০ বলে ৪০ রানের ইনিংস। মেহেদী ১৬ বলে ২৭ এবং নাসির ৪৬ বলে ৩২ রানের ইনিংস খেলেন। সম্মিলিত পারফরম্যান্সে প্রাইম ব্যাংকের স্কোর দাঁড়ায় ২৬৫।
সিটি ব্যাংকের বোলারদের মধ্যে আবদুল্লাহ আল মামুন, আমিনুর রহমান ও আব্দুল হালিম ২টি করে উইকেট নিয়েছেন।









