শুধু মুখে নয়, ব্যাপকতাতেই প্রমাণ মেলে! খেলা কিংবা আকর্ষণের দিকে নজর দিলে বলার অপেক্ষা রাখে না বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হলো আইপিএল। কুড়ি ওভারের উত্তেজনায় ডুব দিতে শুধু দর্শক নন, বিশ্বের নামিদামি ক্রিকেটাররাও অপেক্ষায় থাকবেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার। বছর ঘুরে আবারও উত্তেজনার সাগরে ভাসাতে হাজির আইপিএল। দল বাড়ায় আগের সব প্রতিযোগিতাকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির।
নিয়মিত খেলে আসা আট দলের সঙ্গে এবার যোগ হয়েছে আরও দুই দল। অর্থাৎ ১০ দল নিয়ে আরও বড় পরিসরে হাজির কুড়ি ওভারের প্রতিযোগিতাটি। গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্স-আপ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২২ আইপিএলের। আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় দল দুটি মুখোমুখি হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
আগের আসরের চেন্নাই, কলকাতা, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে এবার নতুন যোগ হয়েছে গুজরাট টাইটানস ও লখনউ সুপারজায়ান্ট।
বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে এবার বাংলাদেশের প্রতিনিধি মাত্র একজন। মেগা নিলামে কেবল বিক্রি হয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারকে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপিকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। সাকিব আল হাসানকে কেউ কেনার আগ্রহ দেখায়নি। নিলামে না হলেও পরবর্তীতে তাসকিন আহমেদকে পুরো মৌসুমের জন্য দলে ভেড়াতে চেয়েছিল লখনউ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই পেসারকে অনাপত্তিপত্র দিতে রাজি হয়নি।
১০ দলের আইপিএলে খেলোয়াড়ের সঙ্গে অধিনায়কত্বেও এসেছে পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন চেন্নাইয়ে। ২০০৮ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজিটি যতবার খেলেছে, প্রত্যেকবার নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে এবার ধোনি অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। চেন্নাইয়ের নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা।









