গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৭২ রানের বড় ব্যবধানে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ (বুধবার) আকবর আলীর দুর্দান্ত পারফরম্যান্সে আগে ব্যাটিং করে গাজী গ্রুপ ৩৪৬ রানের পাহাড় গড়ে। সেই পাহাড়ে চড়তে গিয়ে পা হড়কায় ঐতিহ্যবাহী এই ক্লাব। টপ অর্ডারে সৌম্য-মাহমুদউল্লাহ-হাফিজদের ব্যাটিং ব্যর্থতায় ২৭৪ রানে অলআউট হয় মোহামেডান।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় গাজী গ্রুপ। ১৪ রানে ওপেনার মেহেদী মারুফ সাজঘরে ফিরলেও দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান ও ফরহাদ হোসেন ১০০ রানের জুটি গড়েন। মাহমুদুল ৫৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে আউট হন।
এরপর ফরহাদ হোসেন (৬২) ও আল আমিন জুনিয়র (১৩) ফিরে গেলে বিকেএসপিতে ঝড় তোলেন যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী ও আকবর উর রহমান। আকবর উর রহমান ৬৪ বলে ৫৪ রানে আউট হলেও আকবর ৮৯ রানে অপরাজিত থাকেন। ৪৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় আকবরের ইনিংস। এছাড়া মেহরাব হোসেনের ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৫ রানের ওপর ভর করে গাজী গ্রুপ ৭ উইকেট হারিয়ে ৩৪৬ রান সংগ্রহ করে।
মোহামেডানের ইয়াসির আরাফাত মিশু, মোহাম্মদ হাফিজ ও মাহমুদউল্লাহ ২টি করে উইকেট নেন।
৩৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ রানেই পারভেজ হোসেনকে হারায় মোহামেডান। সৌম্য ২৮ বলে ২৩ রান করে আউট হওয়ার পর রনি তালুকদার ৬৩ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস করে আউট হন। ১০ চার ও ২ ছক্কায় রনি নিজের ইনিংসটি সাজিয়েছেন। রনির বিদায়ের পর ২১ রানের মধ্যে ফিরে যান গুরুত্বপূর্ণ দুই ব্যাটার মাহমুদউল্লাহ (৭) ও হাফিজ (৩০)। হাফিজও থিতু হয়ে খেলতে পারেননি বড় ইনিংস। ৩৬ বলে ৩০ রান করেন এই ব্যাটার। এরপর আরিফুল ইসলাম (৫৯) ও জিহাদুজ্জামান খান (৪৮) বলে আউট হলে ৪৪.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৭৪ রানে থামে মোহামেডানের ইনিংস।









