ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে আটকে দিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তুলতে পেরেছে পেরেছে ৯৮ রান। এখনও ২৬৯ রানে পিছিয়ে স্বাগতিকরা। তৃতীয় দিনের শুরুটা ভালো না হলেও কঠিন পরিস্থিতিতে পড়তে হয় মুমিনুলের দলকে। যদিও দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ আশায় আছেন ডারবান টেস্টের নিয়ন্ত্রণ নেওয়ার।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানিয়ে গেছেন, ‘টেস্ট ক্রিকেটে সবসময় সুযোগ থাকে। ওরা ভালো ব্যাটিং করেছে, আমরাও ভালো জায়গায় বল করেছি। সবসময় সুযোগ থাকে টেস্ট ক্রিকেটে। এখনই ফল অনুমান করা সম্ভব না। টেস্টে এমন হয়ই। যারা বেশি ভালো খেলবে তারাই জিতবে। এখনও আমাদের অনেক সুযোগ আছে। জয় আছে, লিটন আছে, রাব্বি আছে, আমি আছি। যত দূরে যেতে পারি, চেষ্টা করব। যত দূরে যাব ততো ভালো হবে। ওদের জন্যও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। প্রথম ইনিংসে যতো দূরে যেতে পারি, সেটাই ভালো হবে।’
দিনের শেষ দিকে এসে সাজঘরে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও মুশফিকুর রহিম। জয় ক্রিজে আছেন ৪৪ রানে। সঙ্গে রয়েছেন নাইটওয়াচম্যান তাসকিন (০)। বাংলাদেশের ইনিংস যেভাবে এগুচ্ছে তাতে করে লিড নেওয়া বেশ কঠিন। মিরাজ অবশ্য অতোদূর চিন্তা করছেন না, ‘এখনও অনেক দূরের চিন্তা। চেষ্টা করব প্রথম সেশনটা খেলার। ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ থাকবে। কারণ ৪ উইকেট পড়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে। যত দূর যেতে পারি, সেটিই সহায়তা করবে আমাদের।’
স্পিনের বিপক্ষে বাংলাদেশ তুলনামূলক ভালোই খেলে। কিন্তু শুক্রবার প্রোটিয়া স্পিনার সাইমন হার্মারের ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে বাংলাদেশ। এই অফস্পিনার একাই নিয়েছেন চারটি উইকেট। স্পিনারদের বিপক্ষে এভাবে উইকেট হারানোতে কতটা হতাশা কাজ করেছে ড্রেসিংরুমে? মিরাজ বললেন, ‘স্পিনারদের বলে আউট হলেও কয়েকটা বেশ ভালো বলে আউট হয়েছে। স্পিনারদের হেল্পও ছিল। ওরা ভালো জায়গায় বোলিং করেছে। টার্ন করেছে, বল নিচু হয়েছে। চ্যালেঞ্জটা নিতে পারলে আরও ভালো হতো। উইকেট দ্রুত পড়ে যাওয়া দলের জন্য খারাপ। তবে কাল (শনিবার) একটা সুযোগ আছে, জয় তো ভালো ব্যাটিং করছে। ’
প্রথম দিন সেভাবে স্পিনাররা সাফল্য না পেলেও দ্বিতীয় দিনে স্পিনারদের আধিপত্য ছিল। বাংলাদেশের মিরাজও নিয়েছেন তিনটি উইকেট। অন্যদিকে প্রোটিয়া স্পিনার নিয়েছেন চারটি। উইকেট কি তাহলে স্পিনবান্ধব? মিরাজ বলেছেন, ‘স্পিনাররা তো হেল্প পাচ্ছেই। দেখেন, ওদের সব উইকেট স্পিনারই নিয়েছে। বল টার্ন করছে, একটু নিচু হচ্ছে—যেটা কঠিন। তবে ব্যাটসম্যানরা যদি সামলাতে পারে। জয় ভালো করছে। মেন্টালি স্ট্রং থাকলে আরও কাছাকাছি যেতে পারব।’









