তিন দিনের কোয়ারেন্টিনে থাকায় দিল্লির ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান। তবে দ্বিতীয় ম্যাচেই গুজরাট টাইটান্সের বিপক্ষে সুযোগ মিললো কাটার মাস্টারের। প্রথম ম্যাচে একাদশে থাকা কমলেশ নাগরকটির জায়গায় সুযোগ হয়েছে মোস্তাফিজের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার টস জিতে বোলিং নিয়েছেন দিল্লির অধিনায়ক রিশাভ পান্ত। প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন পান্ত। অধিনায়ককে নিরাশ করেননি বাঁহাতি এই পেসার। প্রথম ওভারে ৭ রান দিয়ে তুলে নেন একটি উইকেট।
আইপিএলের নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্যে ছিল ২ কোটি রুপি। ভিত্তিমূলেই মোস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি। গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচ খেলে মোস্তাফিজের শিকার ছিল ১৪ উইকেট। ২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পান কাটার মাস্টার। সেবার ১ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে ভেরায় সানরাইজার্স হায়দরাবাদ। ১৭ উইকেট নিয়ে ‘ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট’ নির্বাচিত হন তিনি। পরের আসরে হায়দরাবাদের হয়েই একটি ম্যাচ খেলে উইকেট শূন্য থাকেন। ২০১৮ আইপিএলের নিলামে তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ওখানে ৭ ম্যাচে তার উইকেট ছিল ৭টি।








