আজ (মঙ্গলবার) দুপুরে দুই দলকে অফিসিয়াল সংবাদ সম্মেলনে মুখোমুখি হতে হতো। কিন্তু মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া না আসায় সংবাদ সম্মেলন তো দূরে থাক, এএফসি কাপের ম্যাচটিই হচ্ছে না। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আনুষ্ঠানিকভাবে নিজেদের ওয়েবসাইটে সিলেটের ম্যাচটি বাতিল করে দিয়ে আবাহনী লিমিটেডকে পরের ধাপে খেলার যোগ্য বলে ঘোষণা করেছে।
আগামী ১৯ এপ্রিল প্লে-অফে এটিকে মোহনবাগান ও ব্লু স্টারের মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে দেশের অন্যতম জনপ্রিয় দলটি। সেই ম্যাচ জিততে পারলে মে মাসে গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে আগে থেকে অপেক্ষা করে আছে বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা এফসি এবং মাঝিয়া স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাব।
কিন্তু সিলেটে ম্যাচ না হওয়াতে হতাশা প্রকাশ করেছেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারলে নিজেদের সবশেষ অবস্থানটা আরও পরিষ্কার হতো। ঘরোয়া লিগ আর আন্তর্জাতিক ফুটবল তো এক নয়। সিলেটের ম্যাচ জিততে পারলে তখন সবাই বেশ উজ্জীবিত হয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারতো। এখন সেটা আর হলো কোথায়! তবে এখন থেকেই আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে পরিকল্পনা করে অনুশীলনে নেমে পড়তে হবে।’
এএফসি কাপে খেলবেন বলেই আবাহনীতে চুক্তিবদ্ধ হয়েছেন বসনিয়া-হার্জেগোভিনার স্ট্রাইকার নেদো তুর্কোভিচ। ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তনের চোটের কারণে তাকে বিকল্প ভেবে রাখা হয়েছিল। সিলেটের ম্যাচেই তার আকাশি-নীল জার্সি পরে অভিষেক হওয়ার কথা ছিল। এখন নেদোও ম্যাচ খেলতে না পেরে হতাশ, ‘আসলে এটাই ফুটবল। ফুটবলে অনেক সময় অনেক কিছু ঘটে থাকে। তবে আমাদের এখন পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই ম্যাচে ভালো খেলার লক্ষ্য নিয়েই নামবো আমরা।’









