ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগে ওঠার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে মোহামেডানের। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। ওই ম্যাচে জয়ের পাশাপাশি আজ রূপগঞ্জের হারের প্রত্যাশায় ছিল তারা। কিন্তু বৃহস্পতিবার গাজী গ্রুপকে ৪ উইকেটে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করে ফেলেছে রূপগঞ্জ। হেরে সুপার লিগের টিকিট নিশ্চিত হয়েছে গাজী গ্রুপেরও।
অবশ্য কাগজে-কলমে এখনও সুপার লিগের সম্ভাবনা টিকে আছে মোহামেডানের। সেক্ষেত্রে শেষ ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে হবে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত রূপগঞ্জ-গাজী গ্রুপ ম্যাচটি ছিল লো স্কোরিং। আগে ব্যাট করে ৭ উইকেটে ২০৫ রান তুলে গাজী গ্রুপ। জবাবে রূপগঞ্জ ১৪ বল আগে ৪ উইকেটের জয় নিশ্চিত করেছে।
চারজন ছাড়া গাজী গ্রুপের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। ওপেনার মেহেদী হাসান করেছেন সর্বোচ্চ ৫৬ রান। আকবর আলী ৪৮, গুরিন্দর সিং ৪৯ ও মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৩১ রান।
রূপগঞ্জের জয়ের নায়ক বামহাতি স্পিনার নাসুম আহমেদ। ১০ ওভারে ৩ মেডেনে ২২ রানে নেন ২ উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন পেসার মুগ্ধ ও এনামুল হক জুনিয়র।
জবাবে শুরুটা ভালো ছিল না রূপগঞ্জের। ২৫ রানে পড়েছে দুই উইকেট। পরে আসিফ আহমেদ রাতুলের ৪৯ ও ফজলে মাহমুদের ৭৪ রানই গড়ে দেয় জয়ের ভিত। তাদের বিদায়ের পর জয় পেতে অবদান রাখেন সাদ নাসিম ও ফরহাদ রেজা। ২১ ও ১৯ রানে অপরাজিত থেকে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছেন। বল হাতে জয়নাল ইসলাম ও আল আমিন জুনিয়র ২টি করে উইকেট নেন।









