ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চতুর্থ স্থানে থেকে সুপার লিগে সুযোগ পেয়েছে প্রাইম ব্যাংক। অথচ শুরু থেকে দলটির শীর্ষ স্থান থেকেই সুপার লিগে খেলার সম্ভাবনা ছিল। কিন্তু টানা তিন হারে প্রথম পজিশন তো দূরের কথা, পরে চার নম্বরে নেমে গেছে মিঠুন, নাসির ও এনামুলদের নিয়ে গড়া দল। এমন পারফরম্যান্সের পর শিষ্যদের ওপর চটেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে শিষ্যদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের গুরু।
এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছেন, ‘আমার মনে হয় দলের প্রতি নিবেদন থাকা জরুরি। আপনি যত ভালো দল করেন না কেন, ভেতর থেকে যদি দলীয় অনুভূতি না আসে, তাহলে ভালো ফল করা কঠিন। আপনার তো দলের প্রতি দরদ থাকতে হবে। তারপর আপনার দল ফল করবে কি, করবে না সেটা বোঝা যাবে। অন্তত আপনি যদি দরদ দিয়ে খেলেন, তারপরও যদি দল হেরে যায়, তখন আপনার মানসিক স্বস্তি থাকবে। সেই স্বস্তি আমি পাইনি।’
ক্রিকেটারদের পারফরম্যান্সের সঙ্গে পারিশ্রমিক নিয়েও প্রশ্ন তুলেছেন এই কোচ। তার দাবি, ‘মাঝে মাঝে মনে হয় আমরা কি বেশি টাকা দিয়ে দিচ্ছি নাকি?’ সালাউদ্দিনের এমন দাবির পেছনে আবার যুক্তিও আছে, ‘আমার দলের বেশির ভাগ খেলোয়াড় আনফিট। শক্তি তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না। পুরো টুর্নামেন্টে সবচেয়ে বাজে ফিল্ডিং সাইড ছিলাম আমরা।’
ভবিষ্যতে খেলতে হলে ফিটনেসের উন্নতি করে খেলতে হবে বলে দলের ক্রিকেটারদের হুঁশিয়ার করেছেন তিনি, ‘আমি দলকে আমার ম্যাসেজ দিয়ে দিয়েছি। সামনের বছর যদি খেলতে হয়, তাহলে ফিটনেস নিয়ে খেলতে হবে। নয়তো খেলার সুযোগ নেই। মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। মৌসুম শুরুর পর ফিটনেস নিয়ে কাজ করা কঠিন। আশা করছি, তারা আগামীবার খেলার আগে ফিটনেসটা ঠিক করে আসবে। তাহলে নিজের জন্য ভালো হবে, দলের জন্যও।’









