ঢাকা প্রিমিয়ার লিগের রেলিগেশন লিগে অমিত হাসানের সেঞ্চুরিতে সিটি ক্লাবকে ৮৫ রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮ উইকেটে ২৮৯ রান করে খেলাঘর। জবাবে শচীন-মাসুম-টিপু সুলতানদের বোলিংয়ের সামনে ৪৭.৪ ওভারে ৯ উইকেটে ২০৪ রানে থামে সিটি ক্লাবের ইনিংস। শেষ ব্যাটার উসমান খালিদ অ্যাবসেন্ট হার্ট ছিলেন।
২৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ২০০ পেরোতেই থেমে যায় সিটি ক্লাব। সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক জাওয়াদ রোয়েন। ৩৩ রান করেন মঈনুল ইসলাম সোহেল ও তৌফিক খান তুষার।
খেলাঘরের মাসুম খান টুটুল সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে উইকেটে পান টিপু সুলতান ও শচীন বেবি।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে অমিত হাসানের দারুণ এক সেঞ্চুরিতে ২৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় খেলাঘর। ১১৩ বলে ৯ চারে অমিত খেলেছেন ১০১ রানের ইনিংস। এছাড়া বোলিংয়ের আগে ব্যাটিংয়েও আলো ছড়িয়েছেন শচীন বেবি। ৫১ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। মোহাম্মদ ইলিয়াসের ব্যাট থেকে আসে ৪৯ রান। শেষ দিকে প্রীতম কুমারের ১১ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলাঘরের স্কোরকে তিনশোর কাছাকাছি নিয়ে যায়।
সিটি ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন উসমান। তিনটি পেয়েছেন শাহরিয়ার আলম মাহিম।









