প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। রবিবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান পেয়েছেন। চোট গুরুতর হওয়ায় হাসপাতালে যেতে হয়েছে শেখ জামালের অলরাউন্ডারকে। অন্য দিকে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিমও।
মুশফিক-মিরাজের চোট নিয়ে দলের ম্যানেজার মোহাম্মদ রফিক বলেন, ‘মুশফিকের পায়ে আপাতত বরফ দেওয়া হচ্ছে, ঢাকায় ফিরলে বোঝা যাবে আসলে কী হয়েছে। আর মিরাজের আঙুল একটু ফেটে গেছে, হাড় ডিসপ্লেসড হয়ে গেছে। এখন হাসাপাতলে নেওয়া হয়েছে। পরীক্ষার ফল পেলে বোঝা যাবে।’
রবিবার শেখ জামালের বোলার সানজামুলের করা ১৮তম ওভারের প্রথম বলে তামিমের ক্যাচ ধরতে গিয়েই আঙুল ফেটে যায় মিরাজের। ব্যথায় কাতরাতে থাকেন তিনি। মিরাজকে দ্রুত ড্রেসিং রুমে নিয়ে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। এরপর হাতে ব্যান্ডেজ নিয়ে পার্শ্ববর্তী শেখ ফজিলতুননেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। ইতোমধ্যে ঢাকার পথে রওয়ানা হয়েছেন এই অফস্পিনার।
তার আগে পারভেজ রসুলের করা ইনিংসের দশম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পান মুশফিক। শুরুতে বরফ ডলে প্রাথমিক চিকিৎসায় ব্যথা কমানোর চেষ্টা করা হয়।
নতুন করে প্রাপ্ত ইনজুরিতে কিছুটা শঙ্কার সৃষ্টি হওয়া স্বাভাবিকই। যেহেতু রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়েছে। সেখানে আছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘এই ধরনের ইনজুরিতে ৭/৮ দিন লাগতে পারে। স্ক্যান করানোর পর আসল অবস্থা বোঝা যাবে।’








