ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের গুরুত্বহীন ম্যাচে জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স। ফজলে মাহমুদের সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে রূপগঞ্জ ৩১৪ রান সংগ্রহ করেছিল। জবাবে নাসুম আহমেদ ও শরিফউল্লাহর বোলিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স অলআউট হয়েছে ২৩০ রানে। তাতে ৮৪ রানের বড় জয় পায় রূপগঞ্জ।
বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৩১৫ রানের জবাবে খেলতে নেমেছিল গাজী গ্রুপ। প্রত্যাশা না মিটিয়ে শুরুতেই ফিরে যান প্রান্তিক নওরোজ নাবিল (০)। তিন নম্বরে নামা জুবারুল ইসলামও (২) দ্রুত বিদায় নিলে হাল ধরেন মাহমুদুল হাসান। তার ৫৯ ও আকবর আলীর ৫০ রানের পরও গাজী গ্রুপ ৪৩.৩ ওভারে অলআউট হয় ২৩০ রানে।
রূপগঞ্জ টাইগার্সের বোলারদের মধ্যে নাসুম আহমেদ চারটি, শরিফউল্লাহ তিনটি এবং ফরহাদ রেজা দুটি উইকেট নিয়েছেন।
এর আগে ফজলে মাহমুদের সেঞ্চুরি (১০৪), ইমরানুজ্জামানের ৭৩, মার্শাল আইয়্যুবের ৫৩ ও আরিফুল হকের ৪১ রানে ভর করে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স।।
গাজী গ্রুপ ক্রিকেটারের বোলারদের মধ্যে জয়নুল হাসান ও মাহমুদুল হাসান দুটি করে উইকেট নিয়েছেন।









