আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অথচ এই দলটারই এবার হতশ্রী অবস্থা। ৮ ম্যাচে জয় মাত্র দুটিতে। নতুন মৌসুমে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হলেও মাঝপথে দেখা গেলো পরিবর্তন। অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির হাতে পুনরায় উঠলো নেতৃত্ব।
আকস্মিক এই সিদ্ধান্তে প্রশ্ন উঠাও স্বাভাবিক। চেন্নাই অবশ্য এটা জানিয়েছে যে, জাদেজা নিজ থেকেই নেতৃত্ব ভার ছেড়ে দিয়েছেন। নিজের পারফরম্যান্সে আরও বেশি মনোযোগী হতে ধোনিকে নেতৃত্ব দিতে অনুরোধ করেছেন তিনি।
ভেতরের খবরও এমন। মূলত নেতৃত্বের চেয়ে জাদেজার পারফরম্যান্স নিয়েই কয়েক সপ্তাহ আলোচনা ছিল বেশি। তাই এই অলরাউন্ডার নিজ থেকেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেন। সঙ্গে ছিলেন হেড কোচ স্টিফেন ফ্লেমিং ও ধোনি। তখন জাদেজা মত প্রকাশ করেন, নেতৃত্ব ভার ছেড়ে দিলে সেটা দল ও তার জন্য ভালো হবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে সুপার কিংস মালিক শ্রীনিবাসনের কাছেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।
তখন ম্যানেজমেন্ট বল ধোনির কোর্টে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ম্যানেজমেন্ট মনে করেছে চেন্নাইকে নেতৃত্ব দিতে তিনিই একমাত্র সেরা অপশন। তাই্ এই মৌসুমের কথা ভেবে ধোনির হাতে দেওয়া হয়েছে নেতৃত্ব। তবে পরের মৌসুমে এই ইস্যুটা নিয়ে নতুন করে ভাবা হবে।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথনও জানালেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। নিজেদের মধ্যে কথা বলে ওরা সিদ্ধান্তটা নিয়েছে।’
ধোনির কাছে পুনরায় নেতৃত্ব ভার দেওয়ার কারণ তার অতীত পরিসংখ্যান। এখন পর্যন্ত আইপিএল ও বিলুপ্ত হওয়া চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মিলিয়ে ২১৩টিতে তার নেতৃত্বে ১৩০টি ম্যাচ জিতেছে চেন্নাই। হেরেছে ৮১টি। আর শিরোপার কথা বললে সেখানে রয়েছে চারটি আইপিএল ট্রফি আর দুটি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ট্রফি।









