চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যেহেতু দিল্লির একজন সদস্য করোনা পজিটিভ হয়েছেন। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে যথাসময়েই শুরু হচ্ছে আজকের ম্যাচ।
প্রথমে জানা যায়, করোনা পজিটিভ হয়েছেন দিল্লির এক সদস্য। তাৎক্ষণিকভাবে রবিবার সকালে পুরো দলের নতুন করে পিসিআর টেস্ট করানো হয়েছিল। এর পর আইপিএল কর্তৃপক্ষ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের হোটেল রুমেই আইসোলেশনে থাকতে বলে। নতুন ঘোষণায় জানানো হয় পরীক্ষায় সব সদস্য করোনা নেগিটিভ হয়েছেন। ফলে বাংলাদেশ সময় রবিবার রাত ৮টায় ম্যাচশুরু হওয়া নিয়ে কোনও সংশয় থাকছে না।
প্রথমে করোনা আক্রান্তের খবর প্রকাশ করে ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা জানায়, যিনি করোনা পজিটিভ হয়েছেন তিনি আসলে একজন খেলোয়াড়ের সঙ্গে রুম শেয়ার করছিলেন। ওই ঘটনার পর দুজনকেই আইসোলেশনে নেওয়া হয়েছে। তাছাড়া বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
অতীতে একই রকম সংক্রমণের পরেও ম্যাচ চলেছে দিল্লির। দলটির বেশ কয়েকজন এর আগেও করোনা পজিটিভ হয়েছেন। সেই তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শও। তখন বাকিদের কয়েক দফা পিসিআর টেস্টের পরেই দলের মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছিল।









