জলঘোলা কম হয়নি। একটি টুইট কেন্দ্র করে ক্রিকেট দুনিয়ার জল্পনা শুরু। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সৌরভ গাঙ্গুলী সরে দাঁড়িয়েছেন, এমন গুঞ্জন দানা বাঁধতে থাকে। ‘জীবনের নতুন অধ্যায় শুরু’র কথা টুইটে থাকায় গুঞ্জন আলো-বাতাস পাচ্ছিল। মিডিয়া কিংবা লোকমুখে ছড়িয়ে পড়া এই জল্পনায় রীতিমতো বিস্মিত সৌরভ। তিনি জানিয়েছেন, এটা সাধারণ একটি টুইট ছিল।
বুধবার বিকাল থেকে একটি টুইট ঘিরে আলোচনা। সৌরভ তার ভেরিভায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন। যেখানে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কোনও বিষয় ছিল না। কিন্তু যেহেতু নতুন অধ্যায়ের কথা লিখেছিলেন, তাই পদত্যাগের ইঙ্গিত চাইলে মিলানো যায়! তবে পরে আরেকটি টুইট করে সব পরিষ্কার করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। পড়ালেখা বিষয়ক একটি অ্যাপ চালুর ঘোষণাই দিয়েছিলেন তিনি আলোচিত ওই টুইটে।
চারদিকের গুঞ্জন থামিয়ে সৌরভ লিখেছেন, ‘আমি নতুন একটি শিক্ষা অ্যাপ চালু করেছি গোটা বিশ্বব্যাপী। আমি বিস্মিত (পদত্যাগের গুঞ্জনে)। এটা সাধারণ একটা টুইট ছিল, কোনও ইঙ্গিত ছিল না পদত্যাগের, তেমন কিছুই ছিল না।’
যদিও আগের টুইট ঘিরে আলোচনার কমতি ছিল না। বিসিসিআইয়ের দায়িত্ব ছেড়ে সৌরভ কোথায় নতুন অধ্যায় শুরু করছেন, সেটি নিয়েও ছিল নানা জল্পনা। অনেক মিডিয়ার খবর ছিল, সৌরভ নাকি রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন!
কী ছিল সেই টুইটে? সাবেক ভারতীয় অধিনায়ক লিখেছিলেন, ‘৩০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে আছি। ১৯৯২ সাল থেকে ক্রিকেট খেলছি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, ক্রিকেট আমাকে আপনাদের সমর্থন দিয়েছে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা এই ভ্রমণে আমাকে সমর্থন দিয়েছেন।’
টুইটের পরের কথাগুলো রহস্যঘেরা, ‘আমি যেখানে পৌঁছেছি, সেটা সম্ভব হয়েছে আপনাদের সাহায্যেই। আজ এমন কিছু শুরু করার পরিকল্পনা করেছি, যাতে মানুষের উপকার হয়। আশা করি, জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করার সময়ে সবার সমর্থন পাবো।’









