খেলা চলাকালীন হানা দিলো বৃষ্টি। পরে আর ম্যাচই আয়োজন করা গেলো না। তাতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়েছে টসভাগ্যে! শেষ চার নিশ্চিত করেছে মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়, খুলনা গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, রংপুর শিশু নিকেতন স্কুল ও সুনামগঞ্জ সরকারি জুবিলি স্কুল।
বৃহস্পতিবার চার কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংস চলাকালে বাগড়া দেয় বৃষ্টি। মাঠ খেলার অনুপযোগী থাকায় বাইলজ অনুযায়ী টসের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে। সেমিফাইনালে রংপুর শিশু নিকেতন স্কুলের প্রতিপক্ষ সুনামগঞ্জ সরকারি জুবিলি হাইস্কুল। আরেক ম্যাচে খুলনার গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিপক্ষ মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। দুটি সেমিফাইনাল শনিবার অনুষ্ঠিত হবে।
১৩ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল। নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে শিরোপা নির্ধারণী ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
নারায়ণগঞ্জে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে কুমিল্লা হাইস্কুল টস জিতে ফিল্ডিং নেয়। মেহেরপুর ৩৮ ওভারে ৭ উইকেট ৫০ রান তোলার পর বৃষ্টি নামে।
কেরানীগঞ্জ হামিদুর রহমান স্টেডিয়ামেও ছিল একই অবস্থা। নবাবগঞ্জ হাইস্কুলের বিপক্ষে টসজয়ী খুলনা গাজী মেমোরিয়াল ৩৬ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়।
সিটি ক্লাব মাঠে জয়পুরহাট কে এন্ড জি হাইস্কুলের বিপক্ষে টস জিতে রংপুর শিশু নিকেতন হাইস্কুল ২৭.৩ ওভারে ৩ উইকেটে ৮৯ রান করার পর বৃষ্টি নামলে তা বন্ধ হয়ে যায়।
জগন্নাথ হল মাঠে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে টস জিতে সুনামগঞ্জ জুবিলি স্কুল ২৬ ওভারে ৭ উইকেটে ৭২ রান তোলার পর বৃষ্টি নামে। পরে বৃষ্টি না কমায় টসের মাধ্যমেই সেমিফাইনালের চার দল চূড়ান্ত করা হয়।









