৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জিততে পারেনি স্বাগতিকরা। ভারতের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য ১০ বল আগেই ৬ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। এই জয়ে ৫ ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারী দক্ষিণ আফ্রিকা।
বারাবতী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ভারত বড় কোন লক্ষ্য দিতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। যদিও ১৪৯ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে ২৯ রানে টপ অর্ডার তিন ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। শুরুতেই ধাক্কা খাওয়া দলকে ম্যাচে ফেরান হেনরিক ক্লাসেন ও তেম্বা বাভুমা জুটি। দুইজন মিলে ৬৪ রানের জুটি গড়েন।
অধিনায়ক তেম্বা বাভুমা ৩৪ রান করে আউট হলেও হেনরিক ক্লাসেন খেলেন ৮১ রানের দূর্দান্ত এক ইনিংস। ৪৬ বলে ৭ চার ও ৫ ছক্কায় ক্লাসেন নিজের ইনিংসটি সাজিয়েছেন। ক্লাসেন যখন আউট হন, জয় থেকে তখন ৫ রান দূরে সফরকারীরা। ফলে বাকি ৪ উইকেট নিয়ে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। ডেভিড মিলান ১৫ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন।
ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার ১৩ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন। এছাড়া যুজবেন্দ্র চাহাল ও হার্ষা প্যাটেল একটি করে উইকেট নেন।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ১ রানে বিদায় নেন। এরপর দ্বিতীয় উইকেটে ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ৪৫ রানের জুটি হতেই কিষান (৩৪) রানে ফিরে যান। ঋষভ পন্ত (৫) ও হার্দিক পান্ডিয়া (৯) রানে বিদায় নিলে চাপ বাড়ে ভারতের। সেই চাপ সামলে উঠতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত আইয়ারের ৪০ ও দিনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের উপর ভর করে কোন রকমে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে ভারত।
প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়া দুটি এবং কাগিসু রাবাদা, ওয়েইন পারনেল, ডোয়াইন প্রিটোরিয়াস ও কেশব মহারাজ একটি করে উইকেট নিয়েছেন।









