ক্যারিবীয়দের বিপক্ষে বৃহস্পতিবার (১৬ জুন) শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পিঠের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী। তার বদলে টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। তবে বিজয় ঢাকায় থাকায় প্রথম টেস্ট খেলার সুযোগ নেই। দ্বিতীয় টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাবেন তিনি।
বুধবার (১৫ জুন) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিজয়ের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে বিজয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন। নতুন করে যুক্ত হলেন টেস্ট দলেও। ২০১৪ সালের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন উইকেট কিপার এই ব্যাটর। দীর্ঘ ৮ বছর পর ফের ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই সুযোগ তৈরি হয়েছে প্রত্যাবর্তনের।
সর্বশেষ প্রিমিয়ার লিগে ১ হাজারের বেশি রান করেই জাতীয় দলে ফিরেছেন তিনি। ২০১৯ সালে কলম্বোতে লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ ওয়োনডে খেলেন এই ব্যাটার। ২০১৫ সালের নভেম্বরে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন সর্বশেষ কুড়ি ওভারের ম্যাচ।
প্রসঙ্গত, স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন সেন্ট লুসিয়ায়।









