মুমিনুল ক্যাচ ফেলায় দ্বিতীয় সেশনে পড়লো না কোনও উইকেট

   বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২২, ০০:৫৯আপডেট : ১৭ জুন ২০২২, ০৩:১২

অ্যান্টিগায় বাংলাদেশকে ১০৩ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশন শেষে ১৫ ওভারে বিনা উইকেটে করেছে ১৫ রান। অবশ্য রানের রাশ টেনে রাখতে অবদান ছিল বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়েরও। স্বাগতিকরা পিছিয়ে আছে ৮৮ রানে। 

পাশাপাশি এটাই স্পষ্ট হয়ে উঠেছে উইকেটে আহামরি কিছু ছিল না। তামিম-লিটনরাই বরং প্রথম ইনিংসে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেছেন। বিপরীতে উইকেটে পড়ে থাকার মানসিকতা দেখাচ্ছেন ক্যারিবীয় ব্যাটাররা। জন ক্যাম্পবেল ১ রানে ক্রিজে রয়েছেন। খেলেছেন ৩৬ বল। অধিনায়ক গ্রেইগ ব্র্যাথওয়েট ৫৫ বল খেলে ৯ রানে ব্যাট করছেন। অবশ্য তৃতীয় ওভারে ব্র্যাথওয়েটকে আউট করার সুবর্ণ সুযোগটি মিস করেছেন মুমিনুল হক। মোস্তাফিজের বলে লেগ গালিতে ক্যাচ উঠেছিল ক্যারিবীয় ব্যাটারের। মুমিনুল তা হাতে নিয়েও জমাতে পারেননি!  

তার আগে ক্যারিবীয় বোলিং তোপে ৩২.৫ ওভার স্থায়ী হয়েছে সফরকারীদের প্রথম ইনিংস। গুটিয়ে গেছে মাত্র ১০৩ রানে।   ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ সফরের চেয়ে স্বস্তির বিষয়টা হলো এবার আর সর্বনিম্ন রানের লজ্জায় পড়তে হয়নি। সেবার রোচের তোপেই বাংলাদেশ সর্বনিম্ন ৪৩ রানে অলআউটের লজ্জায় ডুবেছিল। তবে ডাক মেরে লজ্জায় ফেলেছেন ৬ ব্যাটার। 

শুরুতে টস জিতে ফিল্ডিং নেওয়া ওয়েস্ট ইন্ডিজ যে পেসারদের সহায়তা পাবে, তা অনুমিতই ছিল। এবারও পেসার কেমার রোচই কাঁপিয়ে দেন বাংলাদেশকে। যার ফিটনেসের কারণে খেলারই কথা ছিল না।  

প্রথম ওভারে রোচের বাড়তি বাউন্সারে ধোঁকা খান জয়। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে বনারের হাতে। তাতে রানের খাতা না খুলেই ফিরেছেন এই তরুণ। তৃতীয় ওভারে রোচের গতিময় প্রথম বলটিতো স্টাম্প উপড়ে দিয়েছে শান্তর। তার বিদায়ে ৩ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের।

নতুন নামা মুমিনুল হক নেতৃত্ব ছেড়ে দিয়েও ভাগ্য বদলাতে পারেননি। জেইডেন সিলসের লাফিয়ে ওঠা বল বুঝতেই পারেননি তিনি। বল ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে তালুবন্দি হয়েছেন। ৬ বল খেলা মুমিনুল ফিরেছেন কোনও রান না করেই।  

৩ উইকেট পড়ে গেলেও তামিম-লিটনকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। দুজনে মিলে যোগ করেন ২৫ রান। কিন্তু দায়িত্বজ্ঞানহীন শটে কপাল পুড়ে তামিমের। আলজারি জোসেফের লেগ স্টাম্পের বাইরের নির্বিষ বলটি অযথাই খেলতে গিয়েছিলেন। ফলাফল জশুয়া ডা সিলভার হাতে জমা পড়েন ২৯ রানে। দারুণ ফর্মে থাকা লিটনও ফিরেছেন শট খেলার তাড়নায়। কাইল মেয়ার্সের মিডিয়াম পেসের টাইট লেংথের বলে এগিয়ে এসে ব্যাট চালাতে গিয়ে গ্লাভসবন্দি হন ১২ রানে। 

ওই ওভারে মায়ার্সেরই শিকার হন নতুন নামা নুরুল হাসান সোহান। কোনাকুনি ভেতরে ঢুকে পড়া বল আঘাত করে সোহানের প্যাডে। সঙ্গে সঙ্গে লেগ বিফোরের আবেদন উঠতেই আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নিলে আম্পায়ার্স কলেই সোহানকে সাজঘরে ফিরতে হয় শূন্য রানে। তার বিদায়ে এটাও নিশ্চিত হয়, প্রথম ইনিংসে লাঞ্চের আগেই ধ্বংস্তূপে পরিণত বাংলাদেশ।

তবে লাঞ্চ বিরতির আগে ৩২ রান যোগ করে লড়াইয়ের আভাস দেন সাকিব-মিরাজ। কিন্তু কে জানতো, বিরতির পর এই প্রতিরোধও ক্যারিবীয় দল গুড়িয়ে দেবে। দ্বিতীয় সেশনের প্রথম ওভারে মিরাজকে সাজঘরে পাঠান জেইডেন সিলস। তামিমের মতো একই রকম ভঙ্গিতে লেগ স্টাম্পের বাইরের বল অযথা খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মিরাজ। তাতে ২২ বল খেলা অফস্পিনিং অলরাউন্ডারের লড়াই থামে ২ রানে। পরের ওভারে মোস্তাফিজুর রহমানও ক্যাচ দিয়ে ফেরেন সিলসের বলেই।  

প্রতিষ্ঠিত শেষ ব্যাটারের ফেরায় সাকিবকে একক দায়িত্বটা কাঁধে নিতে হয় তখন। কিন্তু অপরপ্রান্ত নড়বড়ে হয়ে পড়ায় বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। যোগ্য সঙ্গী না থাকায় তখনও আক্রমণাত্মক ব্যাটিংটা ধরে রাখেন। ধ্বংসস্তূপে তুলে নেন ২৮তম ফিফটিও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নবম। তার ব্যাটিংয়েই স্কোরটা শত রান পার হয়েছে। কিন্তু আগ্রাসী ব্যাটিংয়ের মাশুলও তাকে দিতে হয় ৫১ রানে ক্যাচ উঠিয়ে।

৬৭ বল খেলা সাকিবের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছয়। তার বিদায়ে আনুষ্ঠানিক লড়াইয়ের সমাপ্তি ঘটলে একই ওভারে খালেদ আহমেদকে ফিরিয়ে লেজ ছেঁটে দেন আলজারি জোসেফ।  সাকিব অবশ্য আরও আগেই ফিরতে পারতেন। ক্যারিবীয় ফিল্ডার তার ক্যাচ নিতে পারেননি।

৮ ওভার বল করে ২১ রনে দুটি উইকেট নিয়েছেন রোচ। মেয়ার্স ৫ ওভার বল করেছেন। দুই মেডেনে ১০ রানে দুটি উইকেট নেন তিনিও। জেইডেন সিলস ৩৩ রানে নিয়েছেন তিনটি। সমান রান খরচ করে আলজারি জোসেফেরও শিকার তিনটি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম