বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল। চতুর্থ দিনের খেলা তাই নির্ধারিত সময়ের আগে শুরু করার সূচি ছিল। কিন্তু ভেজা আউটফিল্ড ও খারাপ আবহাওয়ার কারণে খেলা শুরু করা যায়নি। শুধু তা-ই নয়, পরিস্থিতির উন্নতি না হওয়ায় লাঞ্চের আগেও শুরু হয়নি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। অর্থাৎ, কোনও বল ছাড়াই লাঞ্চে গেছে দুই দল।
অ্যান্টিগা টেস্টে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সেন্ট লুসিয়ার দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই সফরকারীদের। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় এই টেস্টেও হারের শঙ্কা উঁকি দিচ্ছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ফের হতাশ করেছেন সাকিব-তামিমরা।
তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ৪০৮ রানে অলআউট করে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ১৭৪ রানে পিছিয়ে থেকে। নেমেই পড়ে ক্যারিবিয়ান পেস তোপের মুখে। বারকয়েক বৃষ্টির বাধাতেও পড়ে ইনিংস। শেষবার বৃষ্টির কারণে আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। দিনশেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৬ ওভারে ৬ উইকেটে ১৩২ রান। স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ৪২ রানে।
ওই জায়গা থেকে নুরুল হাসান সোহান (১৬*) ও মেহেদী হাসান মিরাজের (০*) চতুর্থ দিন শুরুর অপেক্ষায়। যদিও ভেজা আউটফিল্ডের কারণে লাঞ্চের আগে তাদের মাঠেই নামা হয়নি। সূর্যের আলো না পাওয়ায় আউটফিল্ড শুকানো যায়নি। যে কারণে দিনের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও খেলা শুরু হয়নি।
সংক্ষিপ্ত স্কোর:
(চতুর্থ দিনের লাঞ্চ)
বাংলাদেশ: প্রথম ইনিংসে ৬৪.২ ওভারে ২৩৪ (লিটন ৫৩, তামিম ৪৬, শান্ত ২৬, শরিফুল ২৬, এনামুল ২৩, এবাদত ২১*, জয় ১০, মিরাজ ৯, সাকিব ৮; জোসেফ ১৫-১-৫০-৩, সেলস ১৪.২-৪-৫৩-৩, ফিলিপ ৯-১-৩০-২) ও দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে ১৩২/৬ (শান্ত ৪২, লিটন ১৯, সোহান ১৬*, সাকিব ১৬, জয় ১৩, মিরাজ ০*; রোচ ১০-১-৩২-৩, জোসেফ ১০-২-৩১-২)
ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংসে ১২৬.৩ ওভারে ৪০৮ (মায়ার্স ১৪৬, ব্র্যাথওয়েট ৫১, ক্যাম্পবেল ৪৫, ব্ল্যাকউড ৪০, রিফার ২২, জোশুয়া ২৯, রোচ ১৮*; খালেদ ৩১.৩-৩-১০৬-৫, মিরাজ ৩৯-৮-৯১-৩, শরিফুল ১৯-৬-৭৬-২)।









