আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এগারোতম আসরের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো শুরু হচ্ছে শুক্রবার থেকে। এদিন সকালে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নকআউট এই পর্ব।
নেপালের শক্তি সামর্থ যাই থাকুক না কেনও সেদিকে বিন্দুমাত্র মনোযোগ নেই টাইগারদের কোচ মিজানুর রহমান বাবুলের। তার দৃষ্টি নিজেদের পরিকল্পনাগুলো যথাযথ বাস্তবায়নের দিকেই। বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে নেপালের শেষ ম্যাচটিতে আমরা একঘণ্টা খেলা দেখার সুযোগ পেয়েছি। আজকে (বৃহস্পতিবার) আগের ম্যাচের ভিডিও দেখবো। ওখান থেকে যতটুকু সম্ভব ধারণা নেওয়ার চেষ্টা করবো।’
নিজেদের চিন্তার জায়গাটা খোলাসা করে তিনি আরও বলেন, ‘আসলে ওইভাবে আমরা কোনও কিছু নিয়ে চিন্তিত না। তাদের কী আছে, না আছে এইসব আমরা ভাবছি না। আমরা আমাদের পরিকল্পনা, সামর্থ নিয়ে ভাবছি। সঙ্গে নিজেদের পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করার দিকে মনোযোগী। ওরা (নেপাল) ছোট টিম কিংবা বড় টিম হোক। এইসব কোনও চিন্তা আমরা করতে চাচ্ছি না। ছেলেরা খুব ভালো অবস্থায় আছে।’
এর আগে নেপালের বিপক্ষে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল বাংলাদেশের যুবারা। ২০০২ সালের বিশ্বকাপে খেলেছিলেন আশরাফুল-আফতাব-নাফিসরা। ওই দলের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিল নেপাল যুব ক্রিকেট দল। এটা নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা ক্রিকেটারদের মধ্যে। এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘অনেকে আসলে জানেই না তারা নেপালের সঙ্গে আগে হেরেছিল। ওই জিনিসগুলো আমরা ওদের সামনে আনতেও চাই না। এটা ছোটদের টুর্নামেন্ট। এখানে ওই সব পরিসংখ্যান আলোচ্য বিষয় না। এখানে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই দিনশেষে জয় পাবে।’
নেপালের শক্তিশালী দিক প্রসঙ্গে তিনি বলেন, ‘নেপালকে তেমন শক্তিশালী আমার কোনও দিক দিয়েই মনে হয়নি। তবে ব্যাটিংয়ে ওরা একটু পাওয়ার ক্রিকেট খেলে। বোলিংটা সেভাবে দেখার সুযোগ হয়নি।’
কোয়ার্টার ফাইনালে আগের কম্বিনেশনে কোথাও পরিবর্তন আসতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘কম্বিনেশন আগের মতোই থাকতে পারে। কালকে(শুক্রবার) খেলার আগে হয়তো মূল দলটি সাজানো হবে। দলে বাড়তি একজন অফস্পিনার খেলবে কিনা এটা আসলে এখন বলার সময় হয়নি।’
নেপালের দ্রুত রান তোলাকে নিজেদের জন্যই ইতিবাচক দেখছেন কোচ মিজানুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যতক্ষণ ব্যাটিং দেখেছি ওরা চালিয়ে খেলে। এটা হয়তো আমাদের স্পিনারদের জন্য ভালো হতে পারে!’
আগের ৩ ম্যাচে যুব দলে পেসার আব্দুল হালিম একটি উইকেটও তুলে নিতে পারেননি। তারপরও কোচ মিজানুর রহমান তার ওপরই ভরসা রাখতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যত ট্যুর করেছি হোম অ্যান্ড অ্যাওয়েতে। সব খানেই হালিম দারুণ বোলিং করেছে। আমরা জানি ও(হালিম) কি করতে পারে। এজন্য তার ওপরই আমরা ভরসা রাখতে চাই। এমন একটি টুর্নামেন্টে বেশি পরীক্ষা-নিরীক্ষা করা সুযোগ থাকে না।’
/আরআই/এফআইআর/








