রোহিত শর্মা করোনা নেগেটিভ হতে পারেননি। তার পরেও টেস্ট অধিনায়কের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে ভারত। যদি সেরকম কিছু নাই হয়, তাহলে ইংলিশদের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে পেসার জসপ্রীত বুমরাহকে। ভারতীয় গণমাধ্যমে এমনই গুঞ্জন।
শুক্রবার শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ডের একমাত্র টেস্ট। ২৫ জুন করোনা পজিটিভ হওয়ার পর থেকে রোহিত আইসোলেশনে আছেন। তাকে নিয়ে পরিস্থিতি যে মোটেও আশা ব্যাঞ্জক নয় তার প্রমাণ হলো এখন পর্যন্ত যে কটি পিসিআর টেস্ট হয়েছে। সবগুলোতেই পজিটিভ হয়েছেন। এমনকি লিস্টার থেকে দলের সঙ্গে বার্মিংহামেও ভ্রমণ করেননি। বরং ওয়ারউইকশায়ার সিটিতে পৃথকভাবে গেছেন। সর্বশেষ বুধবারের পরীক্ষাতেও কোনও সুখবর মেলেনি।
এই অবস্থায় বুমরাহ অধিনায়ক হলে কপিল দেবের পর পেসার হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করবেন।
বুধবার রাহুল দ্রাবিড় সার্বিক অবস্থা নিয়ে বলেছেন, ‘রোহিত এখনও পর্যবেক্ষণে আছেন। তবে তাকে প্রাপ্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। অবশ্যই দুটি পরীক্ষায় তাকে নেগেটিভ হতে হবে। বৃহস্পতিবার সকালে পরীক্ষায় ভালো কিছু হলে বলা সম্ভব হবে।’
তবে বুমরাহর বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি, ‘আসলে বিষয়টা আনুষ্ঠানিকভাবে এলে ভালো হবে। আমি জানি না প্রধান নির্বাচক কোথায় রয়েছেন। রোহিতের সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেলেই আনুষ্ঠানিক কিছু জানানো সম্ভব হবে। আর আনুষ্ঠানিক কিছু জানানো আমার দায়িত্ব নয়।’









