হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিপক্ষে চারদিনের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ টাইগার্স। তানভীর ইসলামের ঘূর্ণি ও আবু হায়দার রনির বোলিং তোপের পর ইমরুল কায়েস ও নাঈম শেখের ব্যাটে এইচপিকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
রবিবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে চতুর্থ দিন টাইগার্সকে ১২৭ রানের লক্ষ্য দেয় এইচপি। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ২২.৩ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ইমরুল-সৌম্যরা। প্রথম ইনিংসে ৮১ রান করা সৌম্য দ্বিতীয় ইনিংসে ৯ রানে আউট হয়েছেন।
সৌম্যর বিদায়ের পর ১১১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ইমরুল-নাঈম। ৯ চার ও ৩ ছয়ে ইমরুল ৬৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া নাঈম ৫৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।
এর আগে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে দিন শুরু করা এইচপি আরও ৯৪ রান যোগ করে অলআউট হয়েছে। তাতে বাংলা টাইগার্সকে ১২৭ রানের লক্ষ্য দিতে পারে এইচপি। দ্বিতীয় ইনিংসে এইচপির হয়ে সর্বোচ্চ রান আসে শাহদাত হোসেন দিপুর ব্যাট থেকে। এছাড়া তানজীদ হাসান ৩৩, রিশাদ হাসান ৩১ ও মাহফিজুল ইসলাম ২৭ রান করেন।
আগের দিন একাই ৩ উইকেট নেওয়া তানভীর আজ নেন আরও ১টি উইকেট। সবমিলিয়ে ৩৫ রান খরচায় তার শিকার ছিল ৪ উইকেট। এছাড়া আবু হায়দার রনি তিনটি উইকেট নিয়েছেন।
শুরুতে টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ২২৭ রান করেছিল এইচপি। জবাবে খেলতে নেমে সৌম্যর ৮১ ও ফজলের ৮৯-তে ভর করে ৩১৮ রানে অলআউট হয় টাইগার্স। ৯১ রানে পিছিয়ে থেকে এইচপি ৪ উইকেটে ২১৭ রানে অলআউট হয়েছে দ্বিতীয় ইনিংসে। ফলে বাংলা টাইগার্সের লক্ষ্য দাঁড়ায় ১২৭ রান।









