অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার আগেই বিতর্কের জন্ম দিয়েছিলেন নেপাল ক্রিকেট দলের অধিনায়ক রাজু রিজাল। অভিযোগ ছিল বেশি বয়স নিয়ে খেলছেন নেপালি এই ক্রিকেটার। তবে এ নিয়ে উদ্বিগ্ন নন নেপাল কোচ জগত বাহাদুর তামাতা। বৃহস্পতিবার মিরপুরে এই কোচ বলেন, ‘রাজু রিজালের বয়স বিতর্ক নিয়ে আমরা উদ্বিগ্ন নই। সে একজন একজন নেপালি নাগরিক এবং তার বয়স প্রমাণ করার সব দলিলই তার কাছে আছে।’
তার বিরুদ্ধে অভিযোগ তুলেন মুম্বাইয়ের একজন ক্রিকেটার। তিনি দাবি করেন ভারতে সেই ক্রিকেটারের সঙ্গে ভিন্ন নামে খেলেছেন রাজু। এ প্রসঙ্গে নেপাল কোচ বলেন, ‘সে ভারতে খেলেছে কি খেলেনি সেটা আমার জানা নেই। আর ব্যাপারটা আমাদের জন্য ভাবনার কোনও কারণ নয়। আমরা আমাদের সেরা খেলাটাই কাল উপহার দিতে চাই।’
প্রতিপক্ষ নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নের জবাবে এই কোচ বলেন, ‘নিজ মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অবশ্যই খুবই শক্তিশালী দল। আমরা তাদের বিপক্ষে আমাদের সেরা নৈপুণ্যই উপহার দিতে চাই।’
কালকের কোয়ার্টার ফাইনালে লক্ষ্য কী থাকবে এমন প্রশ্নে জগত বাহাদুর বলেন, ‘হারা বা জেতা খেলারই অংশ। তবে অবশ্যই আমরা সেমিফাইনালে খেলার প্রত্যাশা নিয়েই মাঠে নামবো।’
বাংলাদেশ নিয়ে নেপালের কোচ আরও বলেন, ‘বাংলাদেশকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশের বিপক্ষে খেলাটা আমাদের জন্য বিশাল এক চ্যালেঞ্জ। তারা টেস্ট খুলেড়ে দেশ এবং ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে। তবে গত কয়েকমাসে আমরাও কঠোর অনুশীলন করেছি। আমার দল সম্পর্কে বলবো আমার খেলোয়াড়রা ‘ডিসিপ্লিন্ড অ্যান্ড ডেডিকেটেড’।’
নেপালের কৌশল সম্পর্কে জগত বাহাদুর বলেন, ‘নেপাল তার স্পিনারদের ওপরে নির্ভর করবে। আমার বোলিং বিভাগটা আমার মনে হয় না খুব খারাপ। তবে ব্যাটিং থেকে বোলিংয়েই আমার প্রত্যাশা বেশি থাকবে। কালকের ম্যাচ হতে পারে স্পিনারদের যুদ্ধ। বাংলাদেশের রয়েছে ভালো একটি স্পিন আক্রমণ।’
নিজেদের ভুল শুধরে নিতে কালকের ম্যাচে চেষ্টা করবেন বলে জানান নেপালের এই কোচ। বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা বেশ কিছু ভুল করেছিল। কাল বাংলাদেশের বিপক্ষে সেইভুলগুলো পুনরাবৃত্তি করতে চাই না।’
বিশ্বকাপে নেপালের অর্জনকে কিভাবে দেখছেন নেপালের কোচ জগত বাহাদুর। এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা অবশ্যই নেপালি ক্রিকেটের উন্নতির উজ্জ্বল প্রমাণ। ধীরে ধীরে বিকশিত হচ্ছে নেপালের ক্রিকেট। নেপাল প্রতিনিয়তই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এগিয়ে চলছে।’
/আরএম/এফআইআর/








