ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতো তৃতীয় ও শেষ ম্যাচেও বৃষ্টি চোখ রাঙাচ্ছিল। রাত থেকে গায়ানার ম্যাচ ভেন্যুতে বৃষ্টি ঝরেছে। আবহাওয়া প্রতিকূল মনে হচ্ছিল সকালের দিকেও। কিন্তু সময় গড়াতেই স্থানীয় সময় বেলা ১২টার দিকে আলো ঝলমলে আকাশ দেখা গেলো গায়ানায়। তবে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা হয়তো শুরু করা যাচ্ছে না। টস করা যায়নি এখনও। আম্পায়ারদের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণের পর টস হতে যাচ্ছে বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায়। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। খেলা শুরু হতে আধা ঘণ্টা দেরি হলেও কোনও ওভার কাটা যাচ্ছে না।
অবশ্য এসব শঙ্কার মাঝেও বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজ হার এড়ানোর লক্ষ্য বাংলাদেশের।
প্রথম ম্যাচটি পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বোলারদের মার খাওয়ার দিনে বাংলাদেশের ব্যাটাররা লড়াই করার বিন্দুমাত্র চেষ্টা দেখাননি। শুধু সাকিব ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেললেও তাতে ছিল না ১৯৪ রানের লক্ষ্য টপকানোর কোনও স্পৃহা। তাতে ৩৫ রানের হার সঙ্গী হয়েছে সফরকারীদের। এখন তৃতীয় ম্যাচ জিততে না পারলে সিরিজ হার নিয়ে টি-টোয়েন্টি মিশন শেষ করতে হবে।









