২০১৯ সালের অক্টোবর থেকে সেঞ্চুরিহীন বিরাট কোহলি। অথচ একটা সময় ‘সেঞ্চুরি-মেশিন’ হয়ে উঠেছিলেন তিনি। শতক তো দূরে থাক, ব্যাটে ঠিকঠাক রানই পাচ্ছেন না সাবেক ভারতীয় অধিনায়ক। এই অবস্থায় ‘ফর্মহীন’ একজন ক্রিকেটারের দলে থাকা কতটা যুক্তিপূর্ণ, এই প্রশ্ন তুলেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কোহলির। ব্যাট করতেই যেন ভুলে গেছেন তিনি। বিশেষ করে, কুড়ি ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে তাকে। অন্যদিকে তরুণ ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যের জানান দিয়ে যাচ্ছেন। সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, দল গঠনের প্রক্রিয়ায় কোহলিকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনার জায়গা দেখছেন কপিল।
ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘পরিস্থিতি এখন এমন যে, বিরাট কোহলিকে টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে রাখতে হতে পারে। টেস্টের দুই নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনকে যদি দলের বাইরে রাখা যায়, তাহলে কোহলিকে রাখতে সমস্যা কোথায়?’
তরুণ ক্রিকেটারদের কথা উল্লেখ করে কপিলের বক্তব্য, ‘এত বছর ধরে কোহলিকে যে ছন্দে ব্যাট করতে দেখেছি, সে এখন তার ধারেকাছেও নেই। ও রান করতে পারছে না। অন্যদিকে অনেক তরুণ ক্রিকেটার ভালো করছে। তাদের বাইরে থাকার উচিত হবে না।’
সঙ্গে যোগ করেছেন, ‘আসলে দলের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা থাকা দরকার। বড় নাম হলেই তাকে দলে নিতে হবে, এমনটা হতে পারে না। কেউ যত বড় ক্রিকেটারই হোক না কেন, রান না করতে পারলে তাকে দলের রাখার কোনও মানে দেখি না।’









